বরিশাল বিভাগের ছয় জেলায় দুর্যোগকালীন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৩৩২ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক সাইলো নির্মাণ করেছে খাদ্য মন্ত্রণালয়। নগরীর ৩০ গোডাউন এলাকায় নির্মিত এই সাইলোটি চালু হলে একসঙ্গে ৪৮ হাজার টন চাল সংরক্ষণ করা সম্ভব হবে, যা আগামী তিন বছর পর্যন্ত সংরক্ষণের উপযোগী। খরা, ঝড়, বন্যা কিংবা জলোচ্ছ্বাসের মতো যেকোনো দুর্যোগে এটি সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নির্মাণকাজ শেষ হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো এটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি, ফলে পুরো প্রকল্পটি পড়ে রয়েছে অচল অবস্থায়।
২০২১ সালের ২২ জুন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ তা শেষ হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়নের পর থেকে এখন পর্যন্ত সরকারিভাবে এটি গ্রহণ করা হয়নি। প্রকল্পের ওয়ারেন্টি সময়ও শেষের পথে, আর সাথেসাথেই ঠিকাদারি প্রতিষ্ঠানের দেওয়া নিরাপত্তা ব্যবস্থার মেয়াদও গত মে মাসে শেষ হয়ে গেছে। ফলে কোটি টাকার এই স্থাপনাটি বর্তমানে রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে।
সাইলোর ডিজাইন ইঞ্জিনিয়ার মো. হাসনাইয়েন জানান, প্রকল্প হস্তান্তরের জন্য গত ডিসেম্বর থেকেই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তিনি বলেন, “ডিসেম্বরে আমরা সরকারকে প্রকল্প বুঝে নিতে চিঠি দিয়েছি, তখন থেকেই ওয়ারেন্টি পিরিয়ড গণনা শুরু হয়েছে। সরকার যদি এটি চালু করত, তাহলে সেই ওয়ারেন্টির সুবিধা পাওয়া যেত। নিরাপত্তাকর্মীদের মেয়াদও গত মে মাসে শেষ হয়েছে। এখন পর্যন্ত সরকার নিরাপত্তার কোনো ব্যবস্থা নেয়নি, যা প্রকল্পটিকে ঝুঁকিতে ফেলছে।”
সাইলোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম বলেন, প্রকল্পের সব কাজ সম্পন্ন। আমরা ডিসেম্বর থেকে হস্তান্তরের জন্য সরকারকে চিঠি দিয়ে আসছি। কিন্তু কোনো জবাব পাচ্ছি না। আমাদের অনুমান, দক্ষ জনবল ও পর্যাপ্ত চালের মজুদ না থাকায় সরকার দেরি করছে। ইতিমধ্যে কিছু কর্মীকে প্রশিক্ষণ দিয়েছি এবং আরো লোক পাঠাতে বলেছি। সরকার হস্তান্তর না করায় গত চার মাস ধরে আমাদের বিদ্যুৎ বিলসহ প্রায় ১০ লাখ টাকা লোকসান গুণতে হচ্ছে প্রতি মাসে।”
প্রকল্প সূত্র জানায়, সাইলোর ১৬টি বিনে একসঙ্গে ৪৮ হাজার টন চাল সংরক্ষণ করা যাবে। জরুরি পরিস্থিতিতে সেখান থেকে ১১টি মেশিনের মাধ্যমে ঘণ্টায় ১৭৬ টন চাল প্যাকেটজাত করে সরবরাহ করা যাবে। প্রতিটি প্যাকেট হবে ৫ ও ৫০ কেজি ওজনের। বরিশাল বিভাগের ছয় জেলায় এই চাল দ্রুত সরবরাহ করা সম্ভব হবে নৌ ও সড়কপথে। সাইলোটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে এবং সর্বোচ্চ ৫০ জন কর্মী দিয়ে এটি পরিচালনা সম্ভব।
এদিকে, হস্তান্তর না হওয়ায় প্রতিদিন মেশিন ট্রায়াল দিতে হচ্ছে, যাতে যন্ত্রপাতিগুলো সচল রাখা যায়। সাইলোর অ্যাডমিন মো. মেহেদী হাসান বলেন, “যতদিন পর্যন্ত হস্তান্তর হচ্ছে না, ততদিন আমাদের এখানে থাকতে হচ্ছে। আমরা সরকারের দেওয়া জনবলকেও প্রশিক্ষণ দিচ্ছি। যাতে চাইলেই দ্রুত হস্তান্তর করা সম্ভব হয়। কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। খাদ্য বিভাগের বরিশাল অফিস থেকে ১৫ জন কর্মীকে সাইলোর কাজে যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তবে হস্তান্তর প্রক্রিয়া বিলম্ব হওয়ায় তারা অনিশ্চয়তায় রয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে এক প্লাটুন আনসার চাওয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রকল্পটি যেমন নিরাপত্তাহীনতায় রয়েছে, তেমনি সংশ্লিষ্ট কর্মীরাও মানসিক চাপে রয়েছেন।
একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, আমরা অপারেশনাল কাজ শিখছি। মন্ত্রণালয় থেকে নির্দেশ এলে আমরা সবকিছু বুঝে নিয়ে কার্যক্রম শুরু করব। জানুয়ারির ২৩ তারিখ থেকে এখানে সংযুক্তি হিসেবে রয়েছি। নিরাপত্তার জন্য আনসার চেয়ে চিঠি দিয়েছি, কিন্তু এখনো কোনো সাড়া পাইনি।
বরিশাল খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিচালক মিজানুর রহমান বলেন, বরিশালে নির্মিত সাইলোটি হলো দেশের চতুর্থ। এ ধরনের ছয়টি সাইলো নির্মাণ করা হয়েছে। এটি দুর্যোগকালীন সময়ে এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সরকার যদি দ্রুত প্রকল্পটি গ্রহণ করে কার্যক্রম শুরু করে, তাহলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটি এক বড় সহায়তা হতে পারে। তবে দীর্ঘসূত্রতা, জনবল সংকট ও নিরাপত্তাহীনতা এই সম্ভাবনাময় প্রকল্পটিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে

