১০ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (১৫ জুন) ফের খুলেছে দেশের শেয়ারবাজার। তবে ছুটির পর প্রথম কার্যদিবসের শুরুতে বাজারে প্রত্যাশিত চাঙ্গাভাব দেখা যায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স-এ পতন হয়েছে ৩ দশমিক ০৬ পয়েন্ট, যা শতাংশের হিসাবে ০.০৬৫ শতাংশ হ্রাস। একই সময়ে ডিএসইএস সূচকও কমেছে ৪ দশমিক ৫৫ পয়েন্ট।
তবে এই পতনের মধ্যেও সামান্য ইতিবাচক সাড়া দিয়েছে ডিএস-৩০ সূচক, যা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের শেয়ারের পারফরম্যান্স নির্ভর সূচক। এটি উত্থান হয়েছে ২ দশমিক ৭৩ পয়েন্ট বা ০.১৫ শতাংশ। লেনদেনের দিক থেকেও দিনের শুরুটা ছিল বেশ মিশ্র। প্রথম ১ ঘণ্টা ১০ মিনিটে ডিএসইতে মোট ২৭ হাজার ১৯২টি শেয়ার লেনদেন হয়েছে। এ সময় লেনদেনের মোট মূল্য দাঁড়ায় ৮৩ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ২১২টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ৭৭টি শেয়ারের দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিমের উৎপাদনকারী কোম্পানি লাভেলো, যার শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৪ কোটি টাকার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস, যার মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৬৪ লাখ টাকার। তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, যার শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৫৯ লাখ টাকার।
ছুটির পর বাজারে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সূচকের হালকা পতন ও কিছু কোম্পানির শেয়ার দামে উল্লেখযোগ্য ওঠানামা বাজারে অনিশ্চয়তার একটি ইঙ্গিত দেয়। তবে সপ্তাহজুড়ে লেনদেনের গতি ও সূচকের চলমান ধারা বাজারের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

