বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যুৎ সহযোগিতায় নতুন এক মাইলফলক স্পর্শ হলো আজ, ১৫ জুন। এদিন থেকে আনুষ্ঠানিকভাবে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি শুরু করলো বাংলাদেশ। ভারতের মধ্য দিয়ে পাঁচ মাসব্যাপী চলবে এ বিদ্যুৎ সরবরাহ, যার পরিমাণ প্রতিদিন ৪০ মেগাওয়াট।
চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই বিদ্যুৎ আমদানি চলবে। ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ৭ টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, নেপাল থেকে বিদ্যুৎ গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আজ থেকে বাংলাদেশে নেপালের জলবিদ্যুৎ প্রবাহ শুরু হয়েছে, যা আমাদের বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।’
বিদ্যুৎ আমদানির পাশাপাশি শীতকালে বিদ্যুৎ রপ্তানির সম্ভাবনাও বিবেচনা করছে বাংলাদেশ। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শীতকালে নেপালের নদীগুলোতে তুষারপাতের ফলে জলবিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটে, অন্যদিকে বাংলাদেশে তখন বিদ্যুতের চাহিদা কমে আসে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা গঠনমূলকভাবে চিন্তা করা হচ্ছে।
এই বিষয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আমরা শীতকালে বাংলাদেশ থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির একটি প্রস্তাব পাঠাব। একইসঙ্গে নেপালের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হবে, যাতে সম্ভাব্য রপ্তানি বিষয়ক আলোচনা শুরু করা যায়।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৪ সালের ৩ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB), নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (NEA) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড (NVVN) যৌথভাবে বিদ্যুৎ আমদানির পথ সুগম করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।
এই উদ্যোগকে দুই দেশের মধ্যকার জ্বালানি সহযোগিতার একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠতে পারে।

