মুন্সিগঞ্জের গজারিয়ায় ৯৭.৯৮ একর খাস জমির মধ্যে ৪৬.২১ একর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এবং বাকি জমি নিয়ে জটিলতা থাকায় ওই অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন বাতিল করা হয়। গাজীপুরের শ্রীপুরে ৫১০ একর জমিতে একটি জোন গঠনের পরিকল্পনা থাকলেও নারায়ণগঞ্জে জাপানীজ ইকোনমিক জোন প্রতিষ্ঠার পর শ্রীপুরের প্রয়োজনীয়তা কমে যায়।
ময়মনসিংহ সদরের প্রস্তাবিত ৪৬৮ একরের মধ্যে ৩২০.৭৭ একর জমি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এবং উচ্চ অধিগ্রহণ ব্যয়ের কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রশাসনিক অনুমোদন দেয়নি। ফ্যামক্যাম, ছাতক এবং সিটি স্পেশাল ইকোনমিক জোন নামের বেসরকারি প্রকল্পগুলোর ক্ষেত্রেও বেজা জানিয়েছে, সংশ্লিষ্ট উদ্যোক্তারা এখন আর এসব প্রকল্পে আগ্রহী নন।
৫টি মানসম্মত ইকোনমিক জোনেই বদলে যাবে দেশের চেহারা:
চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ১০০টি বিশাল ইকোনমিক জোনের প্রয়োজন নেই। বরং ৫টি ভালোভাবে পরিকল্পিত ও পরিবেশবান্ধব অর্থনৈতিক অঞ্চলই যথেষ্ট দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে। তিনি জানান, মীরসরাইয়ে ১৬ হাজার একর জমি ইতোমধ্যে অধিগ্রহণ করা হয়েছে এবং সেখানে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। মাতারবাড়িতেও কয়েক হাজার একর জমি রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে নতুন কোনো অর্থনৈতিক অঞ্চল অনুমোদনের আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের কাছ থেকে পরিষেবা দেওয়ার নিশ্চয়তা নিতে হবে। কারণ, অনেক সময় অনুমোদন পেলেও বিনিয়োগকারীরা কাঙ্ক্ষিত সেবা পান না।
মীরসরাইয়ে অলস পড়ে থাকা জমিতে ৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, আমরা চাই শিল্পায়ন হোক, তবে তা পরিবেশবান্ধব হোক। আমাদের লক্ষ্য আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যাওয়া।

