ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শঙ্কায় রয়েছে বাংলাদেশের শিপিং কোম্পানিগুলো। কারণ এ রুটের ওপর নির্ভর করেই বাংলাদেশে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে দেশের জ্বালানি আমদানি ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে ব্যয়বৃদ্ধি ও সংকট সৃষ্টি করতে পারে।
সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৭ শতাংশের বেশি। এই বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হলো ইরান-ইসরায়েল সংঘর্ষের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সম্ভাব্য বিঘ্ন। শিপিং কোম্পানিগুলোর আশঙ্কা, প্রণালীটি বন্ধ হলে কেবল তেল নয়, কয়লা ও এলএনজি আমদানিও বাধাগ্রস্ত হবে। এর প্রভাবে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে, তৈরি হতে পারে লোডশেডিং পরিস্থিতি। এতে শিল্প-কারখানার উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি তেলনির্ভর পরিবহন ও সেবাখাতে খরচ বেড়ে যেতে পারে।
বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আজম যে চৌধুরী জানান, হরমুজ প্রণালী বন্ধ হলে পণ্যবাহী জাহাজগুলোকে বিকল্প রুটে চলতে হবে, ফলে পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে। এই ব্যয় বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের ওপর। তিনি বলেন, “বাংলাদেশের মতো দেশ যারা সম্পূর্ণরূপে তেল আমদানির ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর হতে পারে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জাহাজ চলাচল পথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো এই রুট দিয়েই বিশাল পরিমাণে জ্বালানি বিশ্ববাজারে রপ্তানি করে থাকে। প্রণালীর উত্তরে রয়েছে ইরান, আর দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এটি পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বজুড়ে মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ এই পথেই পরিবাহিত হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে আগামী মাসে দেশের বাজারে লিটারপ্রতি চার থেকে পাঁচ টাকা দাম বাড়তে পারে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯.০৭ শতাংশ বা ৬.২৯ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৭৫.৬৫ ডলারে পৌঁছেছে। একপর্যায়ে এটি ৭৮.৫০ ডলারে উঠেছিল, যা ২৭ জানুয়ারির পর সর্বোচ্চ মূল্য।
বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, আমরা প্রতি মাসের আন্তর্জাতিক বাজারের গড় মূল্য অনুসারে দেশে তেলের দাম নির্ধারণ করি। তাই বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম কিছুটা বাড়তে পারে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। হরমুজ প্রণালী বন্ধ হলে বিকল্প হিসেবে লোহিত সাগর ও আরব সাগরের কথা ভাবছে বিপিসি। তবে এই রুটগুলোও পুরোপুরি নিরাপদ নয়। বিগত সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছিল, যার ফলে তখন অনেক রুট বন্ধ রাখতে হয়েছিল। সেক্ষেত্রে একমাত্র নির্ভরযোগ্য বিকল্প হতে পারে আরব সাগর।
বাংলাদেশ ফ্রেইট ফারওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন বলেন, “যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তবে আশপাশের সমুদ্রসীমা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তখন জাহাজগুলোর রুট পরিবর্তন করতে হবে, যার ফলে সময় ও খরচ—দুটোই বেড়ে যাবে। লোহিত সাগরে হুথি হামলার সময় এমন পরিস্থিতিই দেখা গিয়েছিল।”
জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ধরে রাখতে বিপিসি সবসময় ৩৫ থেকে ৪০ দিনের মজুত রাখে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই পরিমাণ প্রায় ৪ লাখ টন। বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মণি লাল দাশ জানান, দেশে অবস্থিত ইস্টার্ণ রিফাইনারিতে বছরে ১৫ লাখ টন পর্যন্ত অপরিশোধিত তেল পরিশোধন করার সক্ষমতা রয়েছে। এর মধ্যে সৌদি আরব ও আবুধাবি থেকে বছরে প্রায় ৬-৭ লাখ টন করে আমদানি করা হয়, যা ১৪টি জাহাজে করে দেশে পৌঁছে।
পরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে বিপিসির আটটি দেশের সঙ্গে সরকারি পর্যায়ে জি-টু-জি চুক্তি রয়েছে। দেশে বছরে ডিজেল, পেট্রল, অকটেন, ফার্নেস অয়েল, মেরিন ফুয়েল ও বিমান জ্বালানিসহ মোট চাহিদা প্রায় ৭.২ মিলিয়ন টন, যার মধ্যে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছে ৬.৩৭ মিলিয়ন টন জ্বালানি তেল। সামগ্রিকভাবে, হরমুজ প্রণালীর চলাচল বিঘ্নিত হলে এর প্রভাব শুধু তেলের দামে সীমাবদ্ধ থাকবে না, বরং জ্বালানির সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়ে দেশের শিল্প, পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলবে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির দেশগুলোকে কিভাবে বিপাকে ফেলতে পারে হরমুজ সংকট তার স্পষ্ট উদাহরণ।

