রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বসন্ত পাংখোয়া পাড়ায় স্থানীয় বাসিন্দা চিয়ালজল পাংখোয়া আড়াই একর জমিতে কাজুবাদামের চাষ করেছেন। ২০২১ সালে তিনি এই চাষ শুরু করেন এবং চলতি মৌসুমে তাঁর বাগানের কিছু গাছে ফলন এসেছে। ইতোমধ্যে তিনি ৬০ কেজির মতো কাজুবাদাম ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তবে প্রক্রিয়াজাত করার পর এই কাজুবাদামের বাজারমূল্য প্রায় দেড় হাজার টাকা কেজি পর্যন্ত ওঠে।
চিয়ালজল পাংখোয়া জানান, বাগানে এখনও বিক্রির উপযোগী কাজুবাদাম রয়েছে। তিনি আশাবাদী, আগামী মৌসুমে গাছগুলোতে পূর্ণাঙ্গ ফলন আসলে তাঁর আয় কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই আশাবাদকে ঘিরেই পার্বত্য চট্টগ্রামের অনেক কৃষক এখন কাজুবাদামের বাণিজ্যিক চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চাষের পরিধি বাড়ার ফলে জেলার বাজারেও কাজুবাদাম ব্যবসায় প্রাণ সঞ্চার হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে আগে সীমিত পরিসরে কাজুবাদামের চাষ হতো। কিন্তু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং রাইখালী পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের সক্রিয় উদ্যোগে এখন এই চাষাবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।
২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৪১ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলায় ২ লাখ ৭৬ হাজার চারা বিতরণ করেছে। এতে ১ হাজার ২০০ জন চাষি কাজুবাদামের চাষে যুক্ত হয়েছেন। এছাড়াও অনেক কৃষক ব্যক্তিগত উদ্যোগেও চাষ শুরু করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রদর্শনী প্লট ও কৃষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, রাইখালী পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রে দেশি-বিদেশি ২০ থেকে ২৫ প্রজাতির কাজুবাদামগাছ নিয়ে নতুন জাত উদ্ভাবনের কাজ চলছে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুনিরুজ্জামান জানান, শুধু রাঙামাটি জেলাতেই চলতি মৌসুমে ৩৬২ হেক্টর জমিতে কাজুবাদামের ফলন এসেছে এবং চাষিরা এরই মধ্যে ফল সংগ্রহ শুরু করেছেন। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে কাজুবাদাম চাষে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই চাষ আরও বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।”
রাইখালী পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ বলেন, “আমরা পাহাড়ে চাষের উপযোগী উচ্চফলনশীল কাজুবাদামের জাত উদ্ভাবনের জন্য দেশ-বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করেছি এবং বেশিরভাগ গবেষণা কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।”
কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণেও রাঙামাটি এগিয়ে চলেছে। শহরের তবলছড়ি এলাকায় অবস্থিত ‘ফেরদৌস স্টোর’ নামক একটি কারখানায় দীর্ঘ ৪৫ বছর ধরে কাজুবাদাম প্রক্রিয়াজাত করা হচ্ছে। মালিক মো. সাব্বির আহমেদ জানান, প্রথমে সনাতনী পদ্ধতিতে দৈনিক ১০-১৫ কেজি কাজুবাদাম প্রক্রিয়াজাত করা হতো। ২০১৮ সাল থেকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎপাদন বেড়ে দাঁড়ায় দৈনিক ৮০-১০০ কেজিতে। বর্তমানে কারখানাটিতে ১৫-২০ জন শ্রমিক কাজ করেন। প্রথম তলায় কাজুবাদাম সংরক্ষণ ও প্রক্রিয়াজাত হয়, আর দ্বিতীয় তলায় চলে মান অনুযায়ী বাছাই ও প্যাকেটজাতকরণ।
চাহিদা থাকলেও আগে কাঁচামালের অভাবের কারণে উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি বলে জানান সাব্বির আহমেদ। এখন পাহাড়ে চাষ বেড়ে যাওয়ায় এই সংকট অনেকটা কেটে গেছে। তিনি রাঙামাটির মানিকছড়ি বিসিক এলাকায় নতুন একটি কারখানা চালুর পরিকল্পনা করেছেন। আশা প্রকাশ করে বলেন, পাহাড়ে এখন যে হারে চাষ হচ্ছে, তাতে শিগগিরই দৈনিক ২০০ থেকে ৩০০ কেজি উৎপাদন সম্ভব হবে। যদি কাঁচামাল পর্যাপ্ত পাওয়া যায়, তাহলে সারা দেশে চাহিদা মেটাতে দৈনিক ১ হাজার কেজি পর্যন্ত বিক্রি করা সম্ভব হবে।
কারখানার কর্মচারীদের মতে, প্রতি কেজি কাজুবাদাম প্রক্রিয়াজাত করার পর বাজারে তা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়। প্রতি পাঁচ কেজি ফলন থেকে এক কেজি প্রক্রিয়াজাত কাজুবাদাম পাওয়া যায়। এই সম্ভাবনাময় কৃষিপণ্য এখন পাহাড়ি অঞ্চলে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং কৃষকদের জন্য নতুন জীবিকার দিগন্ত উন্মোচন করছে।

