দেশের অর্থনীতি ক্রান্তিকালে। ব্যাংক খাতে অস্থিরতা, ঋণখেলাপির রেকর্ড, বিনিয়োগ স্থবিরতা, মূল্যস্ফীতি ও জ্বালানিসংকটে আর্থিক ভিত্তি নাজুক হয়ে পড়েছে। অভ্যন্তরীণ দুর্বলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জের চাপে কোনোভাবেই কাটছে না মন্দা। সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে।
ব্যাংক খাতে চরম অস্থিরতা
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে। এতে গভীর হয়েছে তারল্য সংকট। অনেক ব্যাংক এখনো সেই চাপ সামাল দিতে পারছে না। এরই মধ্যে প্রথম ধাপে পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলছে।
এই একীভূতকরণ বা ‘মার্জার’ নিয়ে ব্যাংক কর্মকর্তা, গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অতীতে মার্জের ফলে চাকরি হারানোর নজির রয়েছে। যদিও এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল খাতকে স্থিতিশীল করা।
খেলাপি ঋণে ভয়াবহ রেকর্ড
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে দেশের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকায়—দেশের ইতিহাসে সর্বোচ্চ। মাত্র তিন মাসেই ঋণখেলাপি বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। এখন এই ঋণের হার ২৪.১৩ শতাংশ, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে, এত দিন লুকানো খেলাপিগুলো এখন প্রকাশ্যে আসছে।
নীতিসূদ বাড়ায় বিনিয়োগে স্থবিরতা
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নীতিসূদের হার বারবার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এই হার ১০ শতাংশ, যা দেশের ইতিহাসে অন্যতম উচ্চ। এতে উদ্যোক্তাদের জন্য ঋণ নেওয়া কঠিন হয়ে পড়েছে। এখন ব্যাংক থেকে ঋণ নিতে গেলে ১৫-১৬ শতাংশ সুদ গুনতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্ট করে বলেছেন, মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতিসূদ কমবে না।
বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধস
২০২৫ সালের এপ্রিলে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি হয়েছে মাত্র ৭.৫০ শতাংশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.৪০ শতাংশ কম। গত কয়েক মাস ধরে এই প্রবৃদ্ধি নিম্নমুখী।
অর্থনীতিবিদ ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলছেন, “ঋণপ্রবৃদ্ধি কমার মানে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান কমবে, দারিদ্র্য বাড়বে।” তাঁর মতে, পুঁজিবাজারও এখন ভরসাযোগ্য নয়।
বিশ্লেষকদের মতে, দেশের কর্মসংস্থান ও প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি বেসরকারি খাত। অথচ এই খাত এখন ঋণবঞ্চিত। এভাবে চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি আরও খারাপ হবে।
বিদেশি বিনিয়োগেও নেতিবাচক ধারা
অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলার সংকট ও দুর্বল অবকাঠামোর কারণে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে মাত্র ৯১ কোটি ডলার বিনিয়োগ এসেছে। আগের বছরের তুলনায় তা ৩৭ কোটি ডলার কম।
আইএমএফের শর্তে চাপ বাড়ছে
রিজার্ভ সংকট সামাল দিতে ২০২৩ সালে আইএমএফ থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ নেয় বাংলাদেশ। এর বিপরীতে এসেছে কঠিন শর্ত। এর মধ্যে আছে— ব্যাংক খাত সংস্কার, মুদ্রা বিনিময় হার বাজারনির্ভর করা, ভর্তুকি প্রত্যাহার ইত্যাদি।
এই শর্ত বাস্তবায়নে টাকার মান কমেছে, জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতার ঝুঁকিও বাড়ছে।
রিজার্ভ স্থিতিশীল, তবু ঝুঁকিপূর্ণ
২০২৫ সালের জুনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে এটি এখনো তিন মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে তৈরি পোশাক, সিরামিক, ওষুধ ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণ খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে রপ্তানিতেও।
বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী জানান, রাজনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংক ঋণের উচ্চসুদ বিনিয়োগকারীদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে
চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী। ২০২৫ সালের মে মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯.৫ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি।
ব্যাংকে আস্থা কিছুটা ফিরেছে, তবু উদ্বেগ
২০২৪ সালের শেষ ভাগে ব্যাংকগুলোর তারল্য সংকটে আমানতকারীদের মধ্যে যে উদ্বেগ ছড়িয়েছিল, তা পুরোপুরি কাটেনি। যদিও কিছুটা আস্থা ফিরেছে।
বাজেট নিয়ে ব্যবসায়ীদের হতাশা
২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে ব্যবসায়ীরা বলছেন সংকুচিত বাজেট। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু বলেন, “বাজেট দেশের মোট অর্থনীতির একটা ক্ষুদ্র অংশ মাত্র। জিডিপি ৫০০ বিলিয়ন ডলার হলেও বাজেট মাত্র ১২-১৪ শতাংশ।”
তিনি বলেন, মূল্যস্ফীতি যেখানে ১০ শতাংশ, সেখানে মজুরি বাড়ছে মাত্র ৭ শতাংশ। এতে আয় কম, ব্যয় বেশি। ফলে সঞ্চয় কমে যাচ্ছে। বিনিয়োগও কমছে। সঞ্চয় না বাড়লে উদ্যোক্তারা ব্যাংক থেকে বিনিয়োগ করতে পারবেন না। তিনি বলেন, “দেশে বিনিয়োগের পরিবেশ স্থিতিশীল নয়। দিন দিন বিনিয়োগ প্রবৃদ্ধিও কমছে।”

