বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাঁধে চাপা থাকা প্রায় ৫৬ হাজার ৬০০ কোটি টাকার ঋণকে ভর্তুকিতে রূপান্তরের প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের বাজেট সহায়তা হিসেবে এই অর্থ দেওয়া হলেও পিডিবি কখনোই তা পরিশোধ করতে পারেনি। ফলে দীর্ঘমেয়াদে সংস্থাটির আর্থিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বিপুল ঋণের মধ্যে মূল অর্থ প্রায় ৪৩ হাজার ১৬০ কোটি টাকা এবং বাকি অংশ ৩ শতাংশ সুদে গঠিত যার পরিমাণ প্রায় ১৩ হাজার ৪৩৯ কোটি টাকা। আর্থিক বিবরণীতে এই ঋণের উল্লেখ থাকায় পিডিবির ডেট-টু-ইক্যুইটি রেশিও প্রভাবিত হচ্ছে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা ও অন্যান্য স্টেকহোল্ডারদের কাছে এর গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে বলে দাবি করছে সংস্থাটি।
পিডিবি মূলত বেসরকারি খাতের রেন্টাল, কুইক রেন্টাল এবং আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) বিদ্যুৎকেন্দ্র থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনে লোকসানে গ্রাহকদের মাঝে সরবরাহ করে। ২০০৬-০৭ অর্থবছর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত এই লোকসান মেটাতে পিডিবিকে সরাসরি ভর্তুকি না দিয়ে বাজেট সহায়তা হিসেবে ঋণ দেওয়া হয়, যাতে পিডিবিকে ওই টাকা পরিশোধের বাধ্যবাধকতা থাকে।
তবে বাস্তবে কোনো অর্থ ফেরত দিতে না পারা পিডিবি ২০২৪ সালের ১ জুন তারিখে অর্থ সচিবের কাছে পাঠানো চিঠিতে সুদাসলসহ পুরো ঋণকে ভর্তুকিতে রূপান্তরের জন্য অনুরোধ জানিয়েছে। চিঠিতে বলা হয়, এই ঋণ প্রকল্পভিত্তিক ছিল না, বরং বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের ঘাটতি পূরণে দেওয়া হয়েছিল। তাই এর অর্থ প্রকল্প থেকে ‘ক্যাশ ফ্লো’ সৃষ্টি করে পরিশোধ করা সম্ভব নয়। এছাড়া বিদ্যমান বাস্তবতায় পিডিবির এমন কোনো রাজস্ব আয় নেই, যার মাধ্যমে এই ঋণ শোধ করা সম্ভব।
২০১৭ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশনায় বিদ্যুৎ বিক্রির লোকসান পরিশোধে সরকার সরাসরি ভর্তুকি দেওয়া শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। যদিও তার আগ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের দেওয়া সব অর্থ ঋণ হিসেবে দেখানো হয়, যা কোনো পর্যায়েই ফেরত পায়নি সরকার।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিভাগের অনুরোধের পরপরই বাজেট ঘোষণা এবং ঈদুল আজহার ছুটির কারণে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি স্বীকার করেন, এই ঋণ আদায়ে বাস্তবিক কোনো সম্ভাবনা নেই, এবং চাইলে এটি ভর্তুকিতে রূপান্তরের মাধ্যমে আর্থিক ভারসাম্য বজায় রাখা সম্ভব।
তবে বিষয়টি নিয়ে ভিন্ন মত পোষণ করেন অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ। তিনি বলেন, এই অনুরোধ যৌক্তিক নয়। একবার এই ঋণ ভর্তুকিতে রূপান্তর করা হলে, অন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোও একই দাবিতে এগিয়ে আসবে এবং তখন সরকারের জন্য তা সামলানো কঠিন হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ খাতে ভর্তুকি কম দেখানোর জন্য পূর্বে ঋণ দেওয়া হলেও এখন তা হঠাৎ করে ভর্তুকিতে রূপান্তর করাটা আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নষ্ট করবে। ব্যালেন্স শিটে ঋণ হিসেবেই রাখাই সঠিক হবে।
পিডিবির এমন অবস্থার পেছনে রয়েছে আইপিপি, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার চর্চা। ২০২৩ সালের সেপ্টেম্বরে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় সংসদে জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এসব বিদ্যুৎকেন্দ্রে ১ লাখ ৪ হাজার ৯২৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে শুধু ক্যাপাসিটি চার্জ ও রেন্টাল পেমেন্ট হিসেবে। এসব কেন্দ্রের অনুমোদন, চুক্তি ও ট্যারিফ নির্ধারণে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও অভিযোগ উঠে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নে বর্তমানে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ নীতিমালা অনুসরণ করছে সরকার।
বর্তমান সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি হ্রাসে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আগামী বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩৭ হাজার কোটি টাকা, যেখানে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৬২ হাজার কোটি টাকা। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদন খরচ ১০ শতাংশ কমিয়ে ভর্তুকি বাবদ প্রায় ১১ হাজার কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা রয়েছে।

