সবুজ প্রযুক্তিনির্ভর পরিবহন এবং বৈদ্যুতিক গাড়ি ও লিথিয়াম ব্যাটারি শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুল্ক কমানোর মাধ্যমে এই খাতে দেশীয় ও বিদেশি বিনিয়োগে গতি আনতে চায় সরকার, যাতে একদিকে যেমন পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ঘটে, অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রেও সৃষ্টি হয় নতুন কর্মসংস্থানের সুযোগ। দুটি পৃথক এসআরও জারির মাধ্যমে ইলেকট্রিক বাইক, লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্কহার উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে। ক্ষেত্রবিশেষে এই শুল্কহার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে মাত্র ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হুয়াওয়ে, টয়োটা এবং ওয়ালটনের মতো আন্তর্জাতিক ও দেশীয় খ্যাতনামা কোম্পানিগুলো প্রায় ২০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে। তাদের এই বিনিয়োগের মাধ্যমে দেশে ই-বাইক, তিন চাকার ও চার চাকার বৈদ্যুতিক যানবাহন এবং মোবাইল টাওয়ারের জন্য প্রয়োজনীয় ব্যাটারি স্থানীয়ভাবে উৎপাদন শুরু হবে।
সরকার আশা করছে, এই উদ্যোগ দেশের জ্বালানি সাশ্রয়ে উল্লেখযোগ্য অবদান রাখবে। একই সঙ্গে কমবে কার্বন নিঃসরণ, সংরক্ষিত হবে বিদেশি মুদ্রা এবং রপ্তানি খাতে আসবে নতুন বৈচিত্র্য। এর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। তথ্যবিবরণীতে আরও উল্লেখ করা হয়, শুল্কহার কমানোর ফলে দেশে ই-বাইক ও লিথিয়াম-গ্রাফিন ব্যাটারি উৎপাদনের দ্বার উন্মুক্ত হবে। ইজি বাইক ও রিকশায় বর্তমানে ব্যবহৃত গবেষণা-অ্যাসিড ব্যাটারির বদলে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাটারি ব্যবহারের সুযোগ তৈরি হবে। এতে ব্যাটারির স্থায়িত্ব, নিরাপত্তা এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্য নিশ্চিত করা সম্ভব হবে।
এই পদক্ষেপের মাধ্যমে দেশীয় শিল্পে গতি সঞ্চার হবে এবং বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হবেন। পাশাপাশি রপ্তানি খাতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে, যার মাধ্যমে সরকারের আয় বাড়বে এবং অন্তত ১ হাজার কোটি টাকার রাজস্ব লিকেজ রোধ করা সম্ভব হবে বলে সরকার মনে করছে। রাজস্ব ফাঁকি ও পরিবেশদূষণ রোধে আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরনো ও রিফার্বিশড (পুনঃপ্রস্তুতকৃত) যন্ত্রাংশ আমদানির সুযোগ দিয়ে যে ২০২২ সালের ১২৩ নম্বর এসআরও জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে পুরনো যন্ত্রাংশ আমদানির আড়ালে রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা ও ই-বর্জ্য বৃদ্ধির যে ঝুঁকি ছিল, তা এখন বন্ধ হবে। সরকার আশা করছে, এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর আনুমানিক ১ হাজার কোটি টাকার রাজস্ব পুনরুদ্ধার সম্ভব হবে।
এই উদ্যোগকে সরকার সবুজ উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করছে। পরিবেশ সুরক্ষা, জ্বালানি দক্ষতা এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার এই যাত্রায় বৈদ্যুতিক যান ও ব্যাটারি শিল্পে শুল্ক ছাড়ের এ পদক্ষেপ নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

