যমুনা সেতু দিয়ে গত ছয় দিনের মধ্যে মোট ২ লাখ ৪০ হাজার ১৫২টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুর টোল থেকে আদায় করা হয়েছে ১৬ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা। সোমবার (১৬ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪১ হাজার ৯৮৯টি যানবাহন সেতু পারাপার করেছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ১৮৯টি যানবাহন ছিল, যাদের কাছ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ২২ হাজার ৮০০টি যানবাহনের টোল আদায় হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।
আহসানুল কবীর পাভেল আরও বলেন, মহাসড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক গতিতেই চলছে। যমুনা সেতুর দুই পাশে মোট ৯টি করে মোট ১৮টি টোল বুথ রয়েছে, যা দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুই পাশে আলাদা করে দুটি বুথ রয়েছে।
সেতুর ওপর দিয়ে প্রতিদিনই হাজার হাজার যানবাহন পারাপারের ফলে দেশের যোগাযোগ ও বাণিজ্যে যমুনা সেতুর গুরুত্ব অপরিসীম। সেতুর টোল আদায় থেকে পাওয়া রাজস্ব দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

