ফেডারেল সরকার পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি করেছে। পেট্রোলের দাম লিটারে ৪.৮০ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৭.৯৫ টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থ বিভাগ রবিবার গভীর রাতে জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওগ্রা) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে।
আগে লিটারে ২৫৪.৬৪ টাকায় বিক্রি হওয়া হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) নতুন দাম এখন ২৬২.৫৯ টাকা হয়েছে। একইভাবে, পেট্রোলের দাম যা আগে লিটারে ২৫৩.৬৩ টাকা ছিল, তা এখন ২৫৮.৪৩ টাকায় বিক্রি হবে। এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আগামী দুই সপ্তাহে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে প্রায় এক টাকা এবং পাঁচ টাকা বাড়বে বলে ধারণা করা হচ্ছিল।
অন্যদিকে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বেলুচিস্তানে জ্বালানি সংকট মারাত্মক রূপ ধারণ করেছে। সীমান্তবর্তী ইরানি তেলের সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় বেশকিছু পেট্রোল পাম্প বন্ধ হয়ে পড়েছে। ইরানের সঙ্গে সীমান্তবর্তী তুরবাট, গ্বাদার, পঞ্জগুর, চাগাই, ওয়াশুক ও মাস্কাইল জেলা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এখানে শুধু ইরানি তেলের সরবরাহ বন্ধ নয়, খাদ্য সংকটও দেখা দিয়েছে, কারণ বেশিরভাগ খাদ্য সামগ্রী ইরান থেকে আসে।
মাকরান, রাক্ষসান ও চাগাই এলাকা দিয়ে অবৈধভাবে আসা ইরানি তেলের সরবরাহ বন্ধ হওয়ার ফলে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। জেলার প্রশাসন ইতোমধ্যে অবৈধ ইরানি তেলের পাম্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা কুয়েটা ও অন্যান্য অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। অবৈধ ইরানি পেট্রোল ব্যবসায়ীরা কালোবাজারে লিটারে ২৮০ থেকে ৩০০ টাকা দরে পেট্রোল বিক্রি করছে, যেখানে সরকার স্থানীয় পেট্রোলের দাম নির্ধারণ করেছে ২৫৪ টাকা প্রতি লিটার। করাচি থেকে কুয়েটার পথে সড়ক অবরোধ থাকায় পেট্রোল সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।
তবে বেলুচিস্তান সরকার দাবি করেছে, প্রদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। প্রাদেশিক রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প খোলা আছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেছেন, তেলের সংকটের যে ছবিটি দেখা যাচ্ছে তা মিথ্যা এবং অবৈধ ইরানি তেল বিক্রি বন্ধ রাখার জন্য এ ধরণের বক্তব্য ছড়ানো হচ্ছে। তিনি আরও জানান, ইরানি তেল বিক্রয়কেন্দ্রগুলো নিরাপত্তার জন্য বিপজ্জনক, কারণ গত এক মাসে কুয়েটার বিভিন্ন স্থানে, বিশেষ করে বিমানবন্দর সড়ক ও হাজারগঞ্জি এলাকায় ২৮টি জ্বালানি সংশ্লিষ্ট দুর্ঘটনা ঘটেছে।
শাহিদ রিন্দ বলেন, এই সংকট বাড়িয়ে তোলা হচ্ছে তাদের দ্বারা যারা অবৈধ তেল বিক্রয় নিষিদ্ধ করতে চান। তিনি জানান, আইনত নিবন্ধিত পেট্রোল পাম্প থেকে বৈধ জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুদামজাতকরণ বা সেবা দিতে অস্বীকৃতি জানানো পাম্পগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা বিশ্বজুড়ে, বিশেষ করে শক্তি খাতে, ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের কারণে, বিশ্বের তেল সরবরাহ চেইনে এর প্রভাব অনেক বেশি।
রয়টার্স জানিয়েছে, রবিবার সন্ধ্যায় বাজার খোলার আগে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন। শুক্রবার তেলের দাম ৭ শতাংশ বেড়ে গিয়েছিল, যখন ইসরায়েল ও ইরান একে অপরের ওপর আঘাত হানছিল। এর প্রভাব পড়েছে সোনা ও ডলারের বাজারেও, যেখানে ডলার নিরাপদ আশ্রয় হিসাবে আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছয় মাসের সর্বোচ্চ দামে পৌঁছানো তেলের দাম মুদ্রাস্ফীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে, কারণ বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো ট্রাম্পের বাণিজ্য শুল্ক ও অর্থনৈতিক বৃদ্ধিতে প্রভাব সম্পর্কে চিন্তিত।
শক্তি বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত শুধুমাত্র ছোটখাটো পাল্টাপাল্টি হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং শিপিং লেন বা তেলক্ষেত্রে প্রভাব না ফেলে, তবে তেলের দাম স্বল্পমেয়াদে ওঠানামা করতে পারে, কিন্তু পরবর্তীতে স্থিতিশীল হবে। অন্যদিকে, যদি সংঘাত বাড়ে এবং হরমুজ প্রণালী বা অন্যান্য দেশগুলো এতে জড়ায়, তবে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপর উঠে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

