রেমিট্যান্স যোদ্ধাদের যাত্রা আরও সহজ, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য চালু থাকা ‘ওয়ার্কার ফেয়ার’ বা বিশেষ রেয়াতি ভাড়ার পাশাপাশি এবার নতুন করে আরও চারটি গুরুত্বপূর্ণ রুটে এ সুবিধা চালু করেছে।
সোমবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে কর্মরত এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য ‘ওয়ার্কার ফেয়ার’ নামের এই রেয়াতি ভাড়া চালু করা হয়েছে। তবে এই বিশেষ ভাড়া শুধুমাত্র একমুখী (ওয়ানওয়ে) টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিমানের ভাষ্যমতে, রেমিট্যান্স প্রেরণকারী এই বিশাল জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও তাদের যাত্রা আরও সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিমান অঙ্গীকারবদ্ধ। সংস্থাটি জানায়, এই রেয়াতি টিকিটের সুবিধা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
প্রসঙ্গত, সম্প্রতি হজযাত্রীদের ফিরতি যাত্রায় টিকিট পরিবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া, সংস্থার অন্যতম পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামানকে নিয়ে প্রকাশ্যে এসেছে তার দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের নানা প্রশংসা। অন্যদিকে, সিলেট থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স সংস্থা এয়ার এরাবিয়া, যা বাংলাদেশের আকাশপথকে আরও বিস্তৃত করবে।
বিমানের এই উদ্যোগ রেমিট্যান্স নির্ভর অর্থনীতির শক্ত ভিত্তিকে আরও সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

