জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের রাজস্ব আদায় সংক্রান্ত এক ভার্চ্যুয়াল সভায় ঘটেছে অদ্ভুত এক কাণ্ড। আয়কর বিভাগের আয়োজিত ওই অনলাইন সভায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই নিজেদের প্রকৃত নাম না ব্যবহার করে অংশ নিয়েছেন। কেউ কেউ অংশ নেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক ‘মায়ের দোয়া স্যানিটারি’ কিংবা ‘তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি’ নামের আইডি দিয়ে। এমনকি আইফোন, স্যামসাং কিংবা ২০২৫ নামেও বেশ কয়েকটি আইডি থেকে সভায় উপস্থিতির প্রমাণ মেলে।
গতকাল রোববার আয়োজিত এই ভার্চ্যুয়াল সভায় আয়কর বিভাগের রাজস্ব আদায়ের অগ্রগতি ও লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা হয়। এনবিআর ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান আবদুর রহমান। সভায় সশরীরে উপস্থিত ছিলেন এনবিআরের সব সদস্য, মহাপরিচালক ও কমিশনাররা। দেশের বিভিন্ন কর অঞ্চল ও সার্কেল কার্যালয়ের শত শত কর্মকর্তা সভায় ভার্চ্যুয়ালি অংশ নেন।
৪ জুন সভার নোটিশ দেওয়া হয়, যাতে মে মাস পর্যন্ত রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নির্ধারণের কথা উল্লেখ ছিল। জুম প্ল্যাটফর্মে আয়োজিত এ বৈঠকে অংশগ্রহণের জন্য নোটিশে আইডি ও লিংক সরবরাহ করা হয়। জানা গেছে, চার শতাধিক কর্মকর্তা বৈঠকে যুক্ত হন। তবে এত বিশাল অংশগ্রহণের মধ্যেও অনেকের পরিচয় সন্দেহজনক বলে মনে হচ্ছে। অনেকে সন্দেহ করছেন, ঈদের আগে এনবিআরের অভ্যন্তরীণ আন্দোলনে সক্রিয় ব্যক্তিরা হয়তো নিজের পরিচয় গোপন করতে এভাবে ভিন্ন নামে যুক্ত হয়েছেন।
একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত এ ধরনের সভায় অংশ নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত লিংক এবং পরিচয় যাচাইয়ের মাধ্যমে অনুমতি দেওয়া হয়। হোস্ট বা আয়োজক কর্তৃপক্ষ এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন। তাই প্রশ্ন উঠছে, কীভাবে এমন বেনামী এবং অপ্রাসঙ্গিক আইডি ব্যবহারকারীরা বৈঠকে প্রবেশের অনুমতি পেলেন? এ নিয়ে এনবিআরের ভেতরে চলছে জোর আলোচনা ও সমালোচনা। অনেকেই ধারণা করছেন, সভায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে ‘বট’ অ্যাকাউন্টও ব্যবহৃত হয়ে থাকতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, অসন্তোষ বা নিরাপত্তাজনিত কারণে অনেকে নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখেছেন।
এদিকে, রাজস্ব আদায়ের খাত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত অর্থাৎ ১১ মাসে আয়কর বিভাগের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৯ হাজার ৮০৫ কোটি টাকা। বাস্তবে আদায় হয়েছে ১ লাখ ৫ হাজার ১৯৬ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬০৯ কোটি টাকায়।
এই ঘাটতি পূরণে এনবিআরের জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে এমন একটি পর্যালোচনা সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবর্তে গোপনীয়তা ও বিভ্রান্তিকর আচরণ সামনে আসায় কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।

