জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ক্ষীরশাপাতি আমের বাজার দর নিয়ে এবার চরম হতাশায় পড়েছেন স্থানীয় আমচাষিরা। প্রত্যাশিত দামের তুলনায় প্রায় অর্ধেক দামে আম বিক্রি হওয়ায় লাভের বদলে লোকসানের মুখে পড়েছেন তারা। চাষিদের ভাষায়, এবারের মৌসুমে বাজার পরিস্থিতি একেবারেই প্রতিকূল।
জেলার কানসাট আমবাজার ঘুরে দেখা গেছে, সোমবার ক্ষীরশাপাতি আম বিক্রি হচ্ছে প্রতি মণ দুই হাজার থেকে তিন হাজার টাকায়। অথচ চাষিদের আশা ছিল, প্রতি মণ ক্ষীরশাপাতি অন্তত চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হবে। বাজারে গুটি আম বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা মণ, লগনা বিক্রি হচ্ছে ৭৫০ থেকে এক হাজার টাকা, আর ল্যাংড়া বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৮০০ টাকায়—যা আগের দিনের তুলনায় কিছুটা বাড়তি।
কৃষি বিভাগ বলছে, ক্ষীরশাপাতির পাশাপাশি একসঙ্গে আরও কয়েকটি জাতের আম বাজারে ওঠায় সরবরাহ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই দামে চাপ পড়েছে। তার ওপর কোরবানির ঈদের আগে-পরে টানা ১০ দিনের ছুটি থাকায় বাজারে পাইকারদের উপস্থিতি ছিল না বললেই চলে, যার প্রভাব পড়েছে আমের দরে।
চাষিরা জানান, মে মাসের শেষ দিকে কানসাট বাজারে গোপালভোগ আমের মাধ্যমে মৌসুম শুরু হয়। তখন দাম ছিল মণপ্রতি এক হাজার ৮০০ থেকে তিন হাজার টাকা। এরপর বাজারে আসে ক্ষীরশাপাতি, যার দাম তখন ছিল দুই হাজার টাকার ওপরে। জুনের শুরুতে দাম কিছুটা বেড়ে দাঁড়ায় দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৮০০ টাকায়। তবে ৪ জুন থেকে ঈদের ছুটির প্রভাবে আবারও দরপতন ঘটে। দাম নেমে আসে এক হাজার ৬০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। ঈদের ছুটিতে বাজারে ব্যাপারী ও ক্রেতা কম থাকায় অনেক চাষিই তখন গাছ থেকে আম পাড়া বন্ধ রাখেন। কিন্তু প্রচণ্ড গরমে গুটি, ল্যাংড়া ও ফজলি আম একসঙ্গে পেকে যাওয়ায় ঈদের পরে সব আম একসঙ্গে বাজারে উঠতে থাকে। ফলে ক্ষীরশাপাতির বাজারে আরও বেশি চাপ পড়ে এবং দাম পড়ে যায়।
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার আমচাষি আব্দুল মতিন মাস্টার বলেন, ঈদের ছুটিতে আমের দাম পড়ে যাবে বুঝে আমরা পাড়ার কাজ বন্ধ রেখেছিলাম। কিন্তু গরমে আম গাছেই পেকে গেছে। বাজারে এখনও আমেজ কাটেনি, ব্যাপারী আসছে কম। তাই কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। একই হতাশা ব্যক্ত করেন চাষি নজরুল ইসলামও। তিনি বলেন, ঈদের ছুটির সময় ঢাকা ও অন্যান্য শহর অনেকটাই ফাঁকা থাকায় বাজারে চাহিদা ছিল কম। এ কারণে আমের দামও পড়ে গেছে।
ব্যবসায়ী পর্যায়েও ছিল নানা প্রতিবন্ধকতা। কানসাট আমবাজারের আড়তদার মো. ভাসানী জানান, ছুটির মধ্যে ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা লেনদেন করতে পারেননি। নগদ টাকার ঘাটতির কারণে আম কেনাবেচা কম হয়েছে। ঢাকার উত্তরার অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসায়ী পলাশ আহমেদ বলেন, “ঈদের সময় কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় আমরা অনলাইনে চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ করতে পারিনি। এর প্রভাব ক্ষীরশাপাতির বিক্রিতে পড়েছে।”
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী জানান, ঈদের কারণে মানুষ শহর ছেড়ে গ্রামে যাওয়ায় ক্রেতার সংখ্যা হ্রাস পায়, ফলে চাহিদা কমে যায়। পাশাপাশি প্রচণ্ড গরমে আম দ্রুত পেকে যাওয়ায় বাজারে একসঙ্গে ক্ষীরশাপাতি, ল্যাংড়া, লখনা ও গুটি জাতের আম উঠে যায়, যার ফলে সরবরাহ বেড়ে গিয়ে দাম কমেছে। তবে তিনি আশাবাদী, ঈদের ছুটি কেটে গেলে বাজার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, “অন্য জাতের আমের দাম ভালো থাকলে চাষিরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।”
চাষিদের ভবিষ্যতের জন্য তিনি একটি পরামর্শও দিয়েছেন সব জাত একসঙ্গে পেকে গেলে বাজারে চাপ পড়ে। তাই কৃষকদের লেট ভ্যারাইটিজ বা দেরিতে পাঁকা জাতের আম চাষে উৎসাহিত করা হচ্ছে, যাতে একসঙ্গে বাজারে আম না আসে এবং দামে ভারসাম্য বজায় থাকে।
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ক্ষীরশাপাতি আমের এমন বাজার সংকট পেরিয়ে আবারও স্বরূপে ফিরবে—এমনটিই প্রত্যাশা স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের।

