যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডার ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্ক কার্যকর করা হবে। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক খোলা চিঠিতে তিনি এই সিদ্ধান্ত জানান।
চিঠিতে ট্রাম্প বলেন, “আমরা একসঙ্গে কাজ করতে চাইলেও, কানাডা উল্টো পাল্টা শুল্ক বসিয়েছে। তাই আমাদের এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।”
চিঠিতে ট্রাম্প আরও দাবি করেন, কানাডার ভূমিকা যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবাহ ঠেকাতে ব্যর্থ। তিনি লেখেন, “যদি কানাডা আমার সঙ্গে মিলে ফেন্টানিল প্রবাহ বন্ধে কাজ করে, তাহলে এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করা যেতে পারে।”
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ট্রাম্পের ঘোষণার জবাবে বলেন, “উত্তর আমেরিকায় ফেন্টানিলের বিপর্যয় মোকাবেলায় আমরা বাস্তব অগ্রগতি অর্জন করেছি। দুই দেশের জনগণের জন্যই আমরা সহযোগিতা চালিয়ে যেতে আগ্রহী।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের কর্মী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করেছি এবং করেই যাব। ১ আগস্ট পর্যন্ত আলোচনার সময় রয়েছে – আমরা সমাধান খুঁজে নিতে প্রস্তুত।”
ট্রাম্পের ঘোষিত ৩৫% শুল্কটি সব খাতে আলাদা কর হিসেবেই বসানো হবে। এর বাইরে কানাডা ইতোমধ্যেই ট্রাম্পের আগের ঘোষণায় ভুগছে — যেমন ৫০% শুল্ক স্টিল ও অ্যালুমিনিয়ামে, ২৫% গাড়িতে, এবং ১ আগস্ট থেকে কপার রপ্তানিতেও ৫০% কর বসতে যাচ্ছে।
তাছাড়া ফেন্টানিল ইস্যুতে কানাডার বিরুদ্ধে আগে থেকেই ২৫% শুল্ক রয়েছে, যদিও ইউএসএমসিএ (USMCA) চুক্তি অনুসারে কিছু পণ্য এই শুল্ক থেকে অব্যাহতি পাচ্ছে।
এনার্জি পণ্যের ক্ষেত্রে কর তুলনামূলকভাবে কম — মাত্র ১০%। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, “যদি কানাডা পাল্টা শুল্ক বসায়, তাহলে তারা যত শতাংশ বাড়াবে, ততই আমরা ৩৫%-এর ওপর যোগ করে বসাবো।”
ট্রাম্প বলেন, “কানাডা শুধু শুল্কই বসায়নি, বরং বিভিন্ন অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতাও তৈরি করেছে, যা আমাদের জন্য অনিরবচ্ছিন্ন বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটতি শুধু অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।”
এছাড়া, এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র তার প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপরই ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে।
২৯ জুন দুই দেশের মধ্যে পুনরায় বাণিজ্য আলোচনা শুরু হয়। টার্গেট রাখা হয়েছে ২১ জুলাইয়ের মধ্যে সমঝোতায় পৌঁছানোর। এর আগে কানাডা যুক্তরাষ্ট্রে প্রযুক্তি কোম্পানির ওপর বসানো ‘ডিজিটাল সার্ভিস ট্যাক্স’ প্রত্যাহার করেছিল আলোচনার পথ সুগম করতে।
তবে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত সেই আলোচনাকে আবারও হুমকির মুখে ফেলেছে।
এ বছরের শুরুতে ট্রাম্পের আগের শুল্কের জবাবে কানাডা ২৫% কর বসায় যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর — যেমন ইউএসএমসিএ চুক্তির বাইরে থাকা গাড়ি, স্টিল, অ্যালুমিনিয়াম, কম্পিউটার, পোশাক ও খাদ্যপণ্য। কানাডা তখন জানায়, যতদিন না যুক্তরাষ্ট্র তাদের স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করছে, ততদিন তারা তাদের পাল্টা শুল্ক বজায় রাখবে।
২০২৪ সালে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ৭৬১.৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ট্রেড ঘাটতির পরিমাণ ছিল ৬২ বিলিয়ন ডলার। ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে সেই ঘাটতি আরও বেড়ে দাঁড়ায় ২৫.৬ বিলিয়ন ডলারে — যা গত বছরের তুলনায় প্রায় ১০% বেশি।
১ আগস্ট যতই ঘনিয়ে আসছে, দুই দেশের বাণিজ্যিক টানাপড়েন ততই জটিল আকার ধারণ করছে। ট্রাম্পের হুমকি এবং কারনির মৃদু প্রতিক্রিয়ার মাঝে এখনও আলোচনার একটা সেতুবন্ধন রয়েছে, তবে সেটা কতটা কার্যকর হবে — তা নির্ভর করছে আগামী ক’দিনের কূটনৈতিক পেছনের দরজা আলোচনার ওপর।

