ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনই নিহত হয়েছেন বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলার ঘটনায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ইসরাইলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি বিভিন্ন তাঁবুতে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলোর কাছে খাবার ও পানীয় পৌঁছে দিত। হামলার সময় গাড়িটি শিশুদের খাবার দেওয়ার জন্য থামার প্রস্তুতি নিচ্ছিল।
তিনি বলেন, গাড়িটিতে দরিদ্র মানুষ, তাঁবুতে বসবাস করা পরিবার এবং বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানীয় ছিল। শিশুদের হাতে খাবার তুলে দেওয়ার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মানুষের জন্য খাবার সরবরাহকারীরাও এখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার শিকার গাড়িটির ভেতরে থাকা কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতীক ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল না।
এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্ব দিকে অবস্থিত হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি।
গাজা সিটি থেকে দেওয়া প্রতিবেদনে ইব্রাহিম আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। হামলা ও গুলিবর্ষণ এখনো তাঁদের প্রতিদিনের বাস্তবতা।
গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর মধ্যে নতুন করে শীতের বৃষ্টি ও বন্যা গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে তাঁদের আশ্রয় নেওয়া তাঁবু। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকটের মধ্যে প্রতিকূল আবহাওয়ায় মানবিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

