মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মাহমুদ খালিল। যুক্তরাষ্ট্রে ১০০ দিনের বেশি সময় ধরে আটক থাকার পর এই আইনি পদক্ষেপ নেন তিনি। তার অভিযোগ—রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে বেআইনিভাবে আটক করা হয়েছিল।
গতকাল খালিলের আইনজীবী জানান, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি–ডিএইচএস) ও পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে। মার্কিন আইনে, মামলা দায়েরের আগে সরাসরি সরকারের কাছে দাবি পেশ করার সুযোগ রয়েছে। এখন সরকারের হাতে ছয় মাস সময় রয়েছে, এই দাবির জবাব দেওয়ার জন্য।
এদিকে ডিএইচএসের একজন মুখপাত্র দাবি প্রত্যাখ্যান করে বলেন, খালিলের আটকের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ আইনসম্মত। তার ভাষ্য, “এ ধরনের ক্ষতিপূরণ দাবি ভিত্তিহীন ও অযৌক্তিক।”
৩০ বছর বয়সী মাহমুদ খালিল একজন স্থায়ীভাবে বসবাসকারী (গ্রিন কার্ডধারী) ফিলিস্তিনি আমেরিকান। তাকে মার্চ মাসে ইমিগ্রেশন কর্তৃপক্ষ গ্রেপ্তার করে। অভিযোগ ছিল—ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কের জন্য হুমকি। এজন্য তাকে নির্বাসনের উদ্যোগ নেওয়া হয়।
তবে দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২০ জুন নিউ জার্সির একটি আদালত খালিলের মুক্তির নির্দেশ দেয়। এর পরপরই তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নেন।
মুক্তির পর দেওয়া এক বিবৃতিতে খালিল বলেন, “এই ঘটনার মাধ্যমে আমি বুঝে গেছি, ট্রাম্প কেবল টাকার ভাষা বোঝে। আমি চাই এই ঘটনা হোক প্রশাসনের জন্য একটি শিক্ষা।”
তিনি আরও বলেন, “প্রশাসন যদি প্রকাশ্যে ক্ষমা চায় এবং ভবিষ্যতে মতপ্রকাশের কারণে কাউকে আটক বা নির্বাসনের পথ না নেয়, তবে আমি আমার দাবির বিষয়ে পুনর্বিবেচনা করবো।”
গাজায় চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে যখন বিক্ষোভ চলছিল, তখন এসব বিক্ষোভকে ‘ইহুদিবিরোধী’ আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছিলেন—এই আন্দোলনে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদের ডিপোর্ট করা হবে।
এর পরই মাহমুদ খালিল হন প্রশাসনের প্রথম টার্গেট। তার গ্রেপ্তারের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে মানবাধিকার ও ফিলিস্তিনপন্থি সংগঠনগুলো প্রতিবাদ জানায়। তারা বলেন—ইসরায়েলবিরোধী সমালোচনাকে ইহুদিবিরোধিতার সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে, যা মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।
নিউ জার্সির জেলা আদালতের বিচারক মাইকেল ফার্বিয়ার্জ রায়ে মন্তব্য করেন, মাহমুদ খালিলের মতপ্রকাশের অধিকার লঙ্ঘিত হয়েছে। তিনি খালিলকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। খালিল যুক্তরাষ্ট্রে বসবাসের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, এই মামলা যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা, অভিবাসীদের অধিকার এবং ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডের ওপর প্রশাসনিক দমননীতি নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে। ২০২৪ সালের নির্বাচনের প্রাক্কালে ট্রাম্পের আগ্রাসী অবস্থান এবং সম্ভাব্য ভবিষ্যৎ প্রশাসনের নীতিনির্ধারণ নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে।

