ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ ব্যবসায়ী সমাজকে ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহার করে আয়কর ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার ডিসিসিআই মিলনায়তনে ‘ব্যক্তিগত আয়কর ও ই-রিটার্ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন। খবরটি জানিয়েছে ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তি। উদ্বোধনী বক্তব্যে তাসকীন আহমেদ বলেন, কর রাজস্বের মাধ্যমে সরকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে। তাই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে আয়কর প্রদানের দায়িত্ব আমাদের সবার। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জিডিপিতে আয়করের অবদান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখনও কম। এই ব্যবধান কমানো জরুরি।
তিনি বলেন, সরকার কর প্রদানের প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে ই-রিটার্ন ব্যবস্থা চালু করেছে। এটি কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তাই ব্যক্তিশ্রেণি ও ব্যবসায়ীদের ই-রিটার্ন ব্যবহার করে কর প্রদানে এগিয়ে আসা উচিত।
কর্মশালায় আয়কর, ভ্যাট ও ই-রিটার্ন বিষয়ে তিনটি সেশন অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাদি লুৎফুল অ্যান্ড কোং-এর সিইও লুৎফুল হাদি এফসিএ, বিজ সলিউশনসের মো. শফিকুল ইসলাম এফসিএ এবং স্নেহাশীষ মোহাম্মদ অ্যান্ড কোং-এর পার্টনার স্নেহাশীষ বড়ুয়া এফসিএ। কর্মশালায় ঢাকা চেম্বারের সদস্য প্রতিষ্ঠানের ৭০ জন প্রতিনিধি অংশ নেন। ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব এইচ চৌধুরী এবং সহসভাপতি মো. সালিম সোলায়মানও উপস্থিত ছিলেন।

