বাংলাদেশের রেমিট্যান্স খাত দ্রুত বদলে যাচ্ছে। এক সময় যেখানে প্রবাসীদের পাঠানো টাকা পরিবারের হাতে পৌঁছাতে লেগে যেত দুই-তিন সপ্তাহ, এখন সেই প্রক্রিয়া চলে এসেছে ডিজিটাল যুগে।
সত্তর-নব্বইয়ের দশকে রেমিট্যান্স পাঠানোর প্রধান ভরসা ছিল ডিমান্ড ড্রাফট। ডাকযোগে সেই ড্রাফট আসত দেশে, তারপর ব্যাংক-ক্লিয়ারিং শেষে ১৫–২০ দিন পর টাকাটা পৌঁছাত স্বজনদের হাতে। এখন সেই যুগ অনেক দূরে। প্রবাসীরা চান, রেমিট্যান্স সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে কয়েক সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাক।
আর্থিক বিশ্লেষকরা বলছেন, সামনে টিকে থাকতে হলে রেমিট্যান্স সেবাদাতাদের আরও দ্রুত, নির্ভরযোগ্য ও সহজ পদ্ধতি চালু করতে হবে। শুধু টাকা পাঠানোই নয়, প্রবাসীরা চাইছেন নতুন ফিচার—যেমন বিনিয়োগ টুলস আর সঞ্চয়ের সুযোগ। এতে তারা পাঠানো অর্থ দিয়ে ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা তৈরি করতে পারবেন।
সম্প্রতি গাজীপুরে আয়োজিত এক কর্মশালায় এসব দাবি উঠে আসে। “দ্য চেইঞ্জিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ইমার্জিং অপরচুনিটিজ অব বাংলাদেশের রেমিট্যান্স” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ। দিনব্যাপী কর্মশালায় অংশ নেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, অতীতে ব্যাংকের কর্মকর্তারা বিদেশে গিয়ে শ্রমিকদের সেবা দিতেন। এখন সবকিছুই ডিজিটাল হয়ে গেছে। আগামী এক বছরের জন্য রেমিট্যান্স খাতের রূপরেখা তৈরির চেষ্টা থাকবে এই কর্মশালা থেকে।
প্রবাসী আয় বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান জানান, বিশ্বের ১৭৬টি দেশে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি বাংলাদেশি এখনও পুরো সম্ভাবনা কাজে লাগাতে পারছেন না, কারণ অদক্ষ শ্রমিকের সংখ্যা এখনো ৫০ শতাংশের বেশি।
প্যানেল আলোচনায় ব্র্যাক ব্যাংকের শাহরিয়ার জামিল বলেন, একসময় প্রবাসী আয় মানেই ছিল ‘ক্যাশ ওভার দ্য কাউন্টার’। এখন প্রায় ৭০ শতাংশ রেমিট্যান্স ডিজিটাল মাধ্যমে আসছে। তবু নগদ অর্থে পাঠানোর প্রবণতা পুরোপুরি কমেনি।
ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা জহুরুল করিম চৌধুরীর মতে, বৈদেশিক মুদ্রার সংকটে প্রবাসী আয়ের গুরুত্ব নতুন করে উপলব্ধি করা হয়েছে। তবে নীতিনির্ধারণ ও তদারকির জটিলতায় অনেক সময় ব্যাংকগুলো চাপে পড়ে।
অন্যদিকে ফিনটেক স্টার্টআপ ট্যাপট্যাপ সেন্ডের সুদর্শন শুভাশীষ দাস বলেন, এখন মানুষ চায় টাকা পাঠাতে দ্রুত, সহজ আর কম খরচে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই খাতে নতুন সুযোগ তৈরি করেছে।
সবশেষে উঠে আসে একটাই প্রত্যাশা—প্রবাসীরা চান তাদের কষ্টের উপার্জন নিরাপদে, দ্রুততম সময়ে এবং সরাসরি প্রিয়জনদের হাতে পৌঁছে যাক। আর যেসব প্রতিষ্ঠান এটা নিশ্চিত করতে পারবে, তারাই আগামী দিনের রেমিট্যান্স বাজারে নেতৃত্ব দেবে।

