বিশ্বের প্রথম লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম টেক্সটাইল মিল, এনভয় টেক্সটাইল লিমিটেড, শুরু করেছে তাদের ‘স্টেট অব দ্যা আর্থ ওয়েস্টেজ ফ্যাব্রিক রিসাইক্লিং প্ল্যান্ট’। এই কারখানায় বর্জ্য কাপড় পুনঃব্যবহার করে সুতা উৎপাদন করা হবে। কোম্পানিটি আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
এনভয় টেক্সটাইলের কর্তৃপক্ষ জানায়, গত বছরের সেপ্টেম্বর থেকে নেওয়া উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। নতুন কারখানায় তারা প্রতিদিন আনুমানিক ১২ টন সুতা উৎপাদন করতে পারবে।
কোম্পানির মনে হচ্ছে, এই প্রকল্প এনভয় টেক্সটাইলকে বিশ্ব বাজারে টেকসই টেক্সটাইলের প্রতিযোগিতামূলক সুবিধা জোরদার করবে। একইসঙ্গে এটি কোম্পানির দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে কোম্পানিটি জানিয়েছিল, তারা এই রিসাইক্লিং প্ল্যান্টে ২৩ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ নিজস্ব অর্থায়নের মাধ্যমে প্রকল্পটি চালানো হবে।
নতুন এই প্ল্যান্টের পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে, বার্ষিক অতিরিক্ত রাজস্ব আয় প্রায় ৫০ কোটি টাকা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যদিও প্রকল্পটি চলতি বছরের জুনে শুরু হওয়ার কথা ছিল, কোম্পানিটি শেষ পর্যন্ত সেপ্টেম্বরের শেষ নাগাদ কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছে।

