চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলো থেকে বাংলাদেশ ৭৫ কোটি ডলার ঋণ পেয়েছে। তবে একই সময়ে আগে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ পরিশোধ করতে হয়েছে প্রায় ৬৭ কোটি ডলার।
গতকাল রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঋণ শোধের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নতুন ঋণ ছাড় ও প্রতিশ্রুতিও। ইআরডির হিসাবে, জুলাই–আগস্টে ৭৫ কোটি ৬ লাখ ডলার এসেছে। এর পুরোটাই ঋণ হিসেবে। গত অর্থবছরের একই সময়ে ঋণ এসেছিল প্রায় ৪৬ কোটি ডলার।
তবে বিদেশি ঋণ পরিশোধের চাপও বাড়ছে। চলতি অর্থবছরে প্রথম দুই মাসে বাংলাদেশকে ৬৬ কোটি ৭১ লাখ ডলার শোধ করতে হয়েছে। এর মধ্যে ৪৮ কোটি ৮৭ লাখ ডলার ছিল আসল এবং ১৭ কোটি ৮৩ লাখ ডলারের বেশি ছিল সুদ। আগের বছরের একই সময়ে পরিশোধ করতে হয়েছিল প্রায় ৫৯ কোটি ডলার।
স্থানীয় মুদ্রায় হিসাব করলে ঋণ পরিশোধও বেড়েছে। জুলাই–আগস্টে পরিশোধ হয়েছে ৮ হাজার ১৩১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬ হাজার ৯৬৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বেড়েছে প্রায় এক হাজার কোটি টাকা। ঋণ প্রতিশ্রুতির ক্ষেত্রেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে। এ দুই মাসে প্রতিশ্রুতি পাওয়া গেছে ২৪ কোটি ডলারের, যেখানে গত বছর একই সময়ে ছিল ২০ কোটি ডলার।

