রেমিট্যান্সের জোয়ার এবং রপ্তানি আয়ের ধারাবাহিক বৃদ্ধিতে বৈদেশিক লেনদেনের চিত্রে স্বস্তির ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে সামগ্রিক বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমেছে।
জুলাইয়ে সামগ্রিক বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই মাসে এই ঘাটতি ছিল ৬৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে ঘাটতি কমেছে ১৪ কোটি ৮০ লাখ ডলার বা ২১.৩৬ শতাংশ। রপ্তানি আয়ে বড় উল্লম্ফন ঘটেছে। চলতি জুলাইয়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের জুলাইয়ের তুলনায় এটি ৯৫ কোটি ৫০ লাখ ডলার বেশি, যা প্রায় ২৫ শতাংশ বৃদ্ধির সমান। একই সময়ে আমদানি বেড়েছে ১৯.৫ শতাংশ হারে। গত জুলাইয়ে যেখানে আমদানি ছিল ৫২৪ কোটি ৮০ লাখ ডলার, এবার তা বেড়ে হয়েছে ৬২৭ কোটি ডলার।
পণ্য বাণিজ্যের ঘাটতি সামান্য বেড়েছে। চলতি জুলাইয়ে পণ্য বাণিজ্যের ঘাটতি দাঁড়িয়েছে ১৫০ কোটি ৫০ লাখ ডলার, যা এক বছর আগে ছিল ১৪৬ কোটি ৩০ লাখ ডলার। তবে সামগ্রিক বাণিজ্য ঘাটতি কমার মূল কারণ হলো রেমিট্যান্স প্রবাহ। জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ৫৬ কোটি ৪০ লাখ ডলার বেশি। বৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “ব্যালান্স অব পেমেন্টের সামগ্রিক চিত্র আপাতত উন্নতির দিকেই আছে। তবে বর্তমানে ভালো অবস্থায় থাকা সূচকগুলো ভবিষ্যতে নেতিবাচক হতে পারে।” এফডিআই প্রবাহেও বড় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের জুলাইয়ে সরাসরি বিদেশি নিট বিনিয়োগ এসেছে ১০৪ কোটি ডলার। এক বছর আগে একই সময়ে এটি ছিল মাত্র ৩৮ কোটি ডলার। অর্থাৎ এক বছরে প্রায় তিন গুণ বেড়েছে।
এক বছরে বাণিজ্য ঘাটতি কমেছে ১৫ কোটি ডলার
বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। জুলাই শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৮০ বিলিয়ন ডলার। এক বছর আগে এটি ছিল ২৫.৮২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম-৬ অনুসারে রিজার্ভ বেড়ে হয়েছে ২৪.৭৮ বিলিয়ন ডলার, যা এক বছর আগে ছিল ২০.৩৯ বিলিয়ন ডলার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থনীতি অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, “কোনো দেশের বৈদেশিক লেনদেন বোঝার মূল সূচক হলো চলতি হিসাব। যদি এখানে উদ্বৃত্ত থাকে, দেশকে ঋণের ওপর নির্ভর করতে হয় না। কিন্তু ঘাটতি হলে বিদেশি ঋণ নেওয়াই বাধ্যতামূলক হয়ে ওঠে।”

