প্রথমবার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় অনেকেই ভুল করেন। অনেকের কাছেই অজানা থাকে ঠিক কী দেখাতে হবে। ভুল রিটার্ন জমা দিলে পরে বড় জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই রিটার্নে আপনি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আয়ের বিবরণ দেবেন।
প্রথমবার রিটার্নে যে পাঁচটি বিষয় ভুল করা যাবে না:
১. নগদ টাকা
আপনার হাতে যত নগদ টাকা থাকুক, সব দেখাতে হবে। অনেকের ধারণা, বেশি নগদ দেখালে ঝামেলা হবে কিন্তু বৈধ আয়ের ক্ষেত্রে কোনো ভয় নেই। আয়কর ফরমে ‘ক্যাশ ইন হ্যান্ড’ ঘরে নগদ টাকা দেখান।
২. সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, শেয়ার
যদি আগে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) না থাকত বা রিটার্ন না দিতেন, তবুও সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, শেয়ার বা অন্য স্থায়ী আমানত থাকলে প্রথম রিটার্নে তা দেখাতে হবে। ফরমে ‘আর্থিক পণ্য’ খাতে এসব সম্পদ উল্লেখ করুন।
৩. জমি ও ফ্ল্যাট
নিজের নামে জমি, ফ্ল্যাট বা অন্য স্থাবর সম্পত্তি থাকলে অবশ্যই রিটার্নে দেখান। উত্তরাধিকার, উপহার বা দান সূত্রেও পাওয়া সম্পত্তি দেখাতে হবে। যদি সম্পদের মোট মূল্য ৫০ লাখ টাকার বেশি হয়, আলাদা ‘সম্পদের বিবরণী’ দিতে হবে। এজন্য ফরম আইটি ১০বি ব্যবহার করুন।
৪. গাড়ি
আপনার নামে গাড়ি, মোটরবাইক বা অনুরূপ সম্পদ থাকলে তা দেখানো আবশ্যক। গাড়ির জন্য প্রতিবছর অগ্রিম আয়কর দিয়েছেন, যা বছরের শেষে রিটার্নে সমন্বয় করা যায়। গাড়ি দেখানোয় সুবিধাও পাবেন।
৫. স্বর্ণালংকার ও মূল্যবান গয়না
নারী–পুরুষ নির্বিশেষে প্রথমবার রিটার্নে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান গয়না দেখাতে হবে। উপহার হিসেবে পাওয়া গয়নাও দেখাতে হবে। নারী করদাতাদের ক্ষেত্রে ডায়মন্ড বা দামি পাথরের গয়নাও অন্তর্ভুক্ত। প্রথমবার রিটার্নে নগদ ও অন্যান্য সম্পদ দেখালে এদের উৎসের ব্যাখ্যা দিতে হবে। যথাযথ প্রমাণ সংরক্ষণ করুন। আয়ের উৎস ও সম্পদের তথ্য স্পষ্টভাবে দেখানো জরুরি।

