রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি পিএলসি একাধিক প্রকল্পের জন্য সরকারের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে। শর্ত অনুযায়ী, ওই অর্থ নেওয়ার ৬ মাসের মধ্যে কোম্পানিটি সরকারের বিপরীতে সমপরিমাণ শেয়ার ইস্যু করবে। কিন্তু কোম্পানিটি দ্বিতীয় দফায় নেওয়া ১৫২ কোটি টাকারও বেশি অর্থের বিপরীতে গত চার বছরে কোনো শেয়ার ইস্যু করেনি।
বাংলাদেশ সাবমেরিন কেবলস ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থবছরে সরকারের কাছ থেকে শেয়ার মানি ডিপোজিট হিসেবে ১৫২ কোটি ২৪ লাখ টাকা ব্যবহার করেছে। এই অর্থ বিভিন্ন টেলিযোগাযোগ প্রকল্প, আঞ্চলিক সাবমেরিন টেলিযোগাযোগ প্রকল্প (এসএমডব্লিউ) এবং তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্পে ব্যয় করা হয়েছে। শর্ত অনুযায়ী এই অর্থ ব্যবহার করার ছয় মাসের মধ্যে শেয়ার ইস্যু করার কথা থাকলেও কোম্পানিটি তা করেনি।
২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষক আজিজ হালিম খায়ের চৌধুরী জানিয়েছেন, কোম্পানিটি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) বাংলাদেশের আদেশ লঙ্ঘন করেছে। আদেশ অনুযায়ী, অর্থ নেওয়ার ছয় মাসের মধ্যে সরকারের বিপরীতে সমপরিমাণ শেয়ার ইস্যু করা উচিত ছিল। কিন্তু কোম্পানিটি তা করেনি। বরং ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদনে সরকারের দেওয়া অর্থকে ‘ইক্যুইটি মানি’ হিসেবে দেখানো হয়েছে।
এর আগে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে সরকার থেকে ১৬৬ কোটি টাকা নিয়ে প্রকল্পে ব্যবহার করেছিল বাংলাদেশ সাবমেরিন কেবলস। সেই সময়ও শেয়ার ইস্যু করতে দীর্ঘ সময় লেগেছিল। তবে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর গত বছর শেয়ার ইস্যু করা হয়। সূত্র জানিয়েছে, শেয়ারের দর নির্ধারণে আলোচনার কারণে তখন দেরি হয়েছিল।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১,২৭৫ কোটি ২৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮৪৩টি। সরকারের অংশীদারি ৭৬.৯৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৫.২৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে ১.২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে ৬.৫৮ শতাংশ।
পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে ৪ টাকা লভ্যাংশ হিসেবে প্রায় ৭৫ কোটি টাকা বিতরণ করা হবে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১১ টাকা ১ পয়সা, আগের অর্থবছরে ৯ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) ১৩ টাকা ৭৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ৯০ টাকা ৯৯ পয়সা।

