সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী বছরের শুরু থেকেই কার্যকর হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই এ কাঠামো গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। এজন্য আলাদা করে নতুন রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে।
গতকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এই সরকারের মেয়াদেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। কীভাবে তা কার্যকর হবে, সেটিও দেখবেন।” তিনি জানান, মার্চ বা এপ্রিলে নতুন কাঠামো কার্যকর করতে হলে ডিসেম্বরেই বাজেট সংশোধনের সময় বরাদ্দ রাখতে হবে।
গত ২৪ জুলাই গঠিত পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। তবে কমিশনের এক সদস্য জানিয়েছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড এবং গড়ে কত হারে বেতন বাড়বে—এ সিদ্ধান্ত এখনো হয়নি। বর্তমানে সর্বোচ্চ পদ (গ্রেড-১) ও সর্বনিম্ন পদ (গ্রেড-২০)-এর বেতনের অনুপাত প্রায় ১০:১। নতুন কাঠামোতেও এ অনুপাত ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে। প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশেও একই অনুপাত প্রচলিত রয়েছে। ফলে গ্রেড সংখ্যা কমলেও এ অনুপাত বহাল থাকবে।
কমিশন চিকিৎসা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মাসে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন প্রস্তাবে অবসরোত্তর সময়েও বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। একইভাবে সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ করা হবে। ২০১৫ সালে ড. ফরাসউদ্দিন কমিশনের সুপারিশে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করে ১০ বছর পর স্বয়ংক্রিয় পদোন্নতির নিয়ম চালু হয়। বর্তমান কমিশনও পদোন্নতি প্রক্রিয়াকে আরও সহজ করার সুপারিশ দিতে পারে। জাতীয় কাঠামোর আওতায় বর্তমানে প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী বেতন পান। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী ও বিচারকদের আলাদা কাঠামো রয়েছে। কমিশন জানিয়েছে, এগুলো জাতীয় কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দেওয়া হবে।
কমিশনের আশঙ্কা, সরকারি বেতন বাড়লে বেসরকারি খাতে চাপ তৈরি হতে পারে। বিনিয়োগ পরিস্থিতি দুর্বল হওয়ায় আগামী অক্টোবরেই ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে কমিশন। একই সঙ্গে পোশাক শিল্পসহ ৪৫টি খাতের শ্রমিকদের মজুরি জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করার প্রস্তাব থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য নতুন কাঠামোয় বিশেষ ভাতা প্রস্তাব করা হবে। কমিশনের এক সদস্য বলেন, তরুণদের মধ্যে এসব বিষয়ে আগ্রহ কমে যাচ্ছে, ফলে দক্ষ জনবল তৈরি হচ্ছে না। উদ্ভাবনে ঘাটতি পূরণেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারি কর্মচারীরা বর্তমানে ২০১৫ সালের কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। সশস্ত্র বাহিনী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের যুক্ত করলে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ২৪ লাখ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের নভেম্বরে ভাতা নিয়ে আলোচনা শুরু হয়। ২০২৫ সালের জানুয়ারিতে নতুন মহার্ঘ ভাতা চালু হলেও সমালোচনার মুখে তা বাতিল হয়। পরবর্তীতে চলতি বাজেটে ১০ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের ৮২ হাজার ৯৭৭ কোটির তুলনায় বেশি।

