অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সিলিং বাংলাদেশের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না।
গতকাল মঙ্গলবার তিনি অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বলেন, দায়িত্ব নেওয়ার পর দেশ ৫ বিলিয়ন ডলারের বৈদেশিক দেনা ও বকেয়া পরিশোধ করেছে। তারপরও রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। ড. সালেহউদ্দিন জানান, ‘আইএমএফ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আমাদের ১.৯১ বিলিয়ন ডলারের ঋণের সিলিং দিয়েছে। তবে আমরা নিয়েছি মাত্র ৩০০ মিলিয়ন ডলার।’
তিনি আরও বলেন, ‘বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে আমরা সব সময় সতর্ক। এ বছর কোনো বাজেট সহায়তা ঋণ নেওয়া হবে না। অক্টোবরের আইএমএফ বোর্ড সভায়ও আমি কোন বাড়তি ঋণ চাইব না। বিশ্বব্যাংক, এডিবি বা চীনের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ দেওয়ার প্রস্তাব থাকলেও আপাতত তা নেওয়ার প্রয়োজন নেই।’
অর্থ উপদেষ্টা জানান, বাজেট সহায়তা নেওয়া হলে ঋণদাতাদের নানা শর্তের কারণে স্বাধীন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। তাই এ ধরনের ঋণ পরিহার করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা রাজস্ব বাড়ানোর দিকে জোর দিচ্ছি। কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে দুর্নীতি কমছে এবং রাজস্ব আহরণ বাড়ছে।’ ড. সালেহউদ্দিন সতর্ক করেন, ‘বেশি বিদেশি ঋণ নেওয়া হলে তা ভবিষ্যৎ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে।’

