সরকারি কেনাকাটায় সুশাসন ও স্বচ্ছতা আনতে সরকারি ক্রয়নীতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালায় এখন থেকে সব ধরনের সরকারি কেনাকাটায় অনলাইনে দরপত্র আবেদন বা ই-জিপি বাধ্যতামূলক করা হয়েছে। গত রোববার এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে কার্যকর করা হয়।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষ (বিপিপিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এখন থেকে সরকারি কেনাকাটায় সংশোধিত পিপিএ ২০০৬ এবং নতুন পিপিআর ২০২৫ উভয়ই কার্যকর হবে।
নতুন পিপিআর ২০২৫–এ ১৫৪টি বিধি ও ২১টি তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে। অভ্যন্তরীণ কেনাকাটায় ১০ শতাংশ মূল্যসীমা তুলে দেওয়া হয়েছে। চুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীর তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি ক্রয়ে টেকসই কেনাকাটার নীতি মানতে হবে এবং প্রতিটি ক্রয়ের আগে কৌশলগত পরিকল্পনা তৈরি করতে হবে। নতুন বিধিমালায় ভৌত সেবাকে স্বতন্ত্র ক্রয় বিভাগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাঠামো চুক্তি বা ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের আওতা বাড়ানো হয়েছে। যেকোনো ক্রয় পরিকল্পনা বাতিলের জন্য একটি ডেবারমেন্ট বোর্ড গঠন বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া সম্পদ নিষ্পত্তির জন্য আলাদা বিধান যুক্ত করা হয়েছে।
বিপিপিএ জানায়, নতুন বিধিমালা প্রণয়নের আগে অংশীজনদের সঙ্গে একাধিক পরামর্শ সভা করা হয়। জাতীয় ও স্থানীয় পর্যায়ে মোট ১২টি সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়, বড় ক্রয়কারী সংস্থা, দরদাতা, সাংবাদিক, নারী উদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। অধিকাংশ অংশগ্রহণকারী পুরোনো বিধিমালা সংশোধনের পরিবর্তে সম্পূর্ণ নতুন পিপিআর করার পক্ষে মত দেন।
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহম্মেদ বলেন, নতুন বিধিমালা সরকারি কেনাকাটার সংস্কারে এক নতুন মাইলফলক। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন বলেন, এই বিধিমালা সরকারি কেনাকাটায় প্রতিযোগিতা ও ন্যায্যতা নিশ্চিত করবে।

