জ্বালানি খাতে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ পিএলসি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটি যৌথভাবে বিনিয়োগ করবে ইসি হোল্ডিংস লিমিটেডের (ইসিএইচএল) সঙ্গে।
গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এমজেএল বাংলাদেশের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। পরে কোম্পানির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে।
তথ্যানুসারে, গুলশান এভিনিউয়ে একটি বাণিজ্যিক জমি কেনার জন্য এমজেএল বাংলাদেশ ও ইসি হোল্ডিংস যৌথভাবে ২১৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে দুই প্রতিষ্ঠান সমানভাবে অর্থায়ন করবে। এমজেএল বাংলাদেশ জানায়, ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে এমজেএল বাংলাদেশের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৫৫ পয়সা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১ টাকা ৫৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৮৫ পয়সা।
২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে এমজেএল বাংলাদেশ। সে বছর কোম্পানির ইপিএস ছিল ৮ টাকা ৭১ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৮ টাকা ৭৩ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৪৮ টাকা ৩ পয়সায়।
এর আগে ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় কোম্পানির ইপিএস ছিল ৮ টাকা ৭৩ পয়সা, আগের বছরে যা ছিল ৬ টাকা ৩৬ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে এমজেএল বাংলাদেশের এনএভিপিএস দাঁড়ায় ৪৪ টাকা ২৭ পয়সায়।
এমজেএল বাংলাদেশ মূলত ইস্টকোস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইসি সিকিউরিটিজ এবং রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত। প্রতিষ্ঠানটি শিল্প ও যানবাহনের জন্য লুব্রিক্যান্টস অয়েল ও গ্রিজ সরবরাহ করে। এছাড়া অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে এলপিজি ও সিলিন্ডারের ব্যবসায়ও সক্রিয় রয়েছে এমজেএল বাংলাদেশ।

