মার্কিন ও অন্যান্য দেশের কোম্পানিগুলো এখন পর্যন্ত পাল্টা শুল্কের বড় অংশ বহন করছে। তবে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর পণ্যের চাহিদা এখনও কম। ফলে বৈশ্বিক মূল্যস্ফীতিতে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আইএমএফের মুখপাত্র জুলি কোজাক গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন, পাল্টা শুল্ক-সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যেও বৈশ্বিক অর্থনীতি এখন পর্যন্ত স্থিতিশীলতা দেখিয়েছে। তিনি বলেন, “বছরের প্রথমার্ধে আমরা বৈশ্বিক প্রবৃদ্ধিতে স্থিতিশীলতা দেখতে পেয়েছি। তবে এখন বিশ্বব্যাপী মন্দার সংকেত আসা শুরু হয়েছে। মূল্যস্ফীতির ক্ষেত্রে চিত্র কিছুটা মিশ্র।”
কোজাক আরও জানান, কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ছে। তবে চীনসহ অন্যান্য এশীয় দেশে মুদ্রাস্ফীতির চাপ এখনও কম। এটি রপ্তানি চাহিদার ওপর শুল্কের প্রভাবকে প্রতিফলিত করছে। তিনি বলেন, কোম্পানিগুলো পাল্টা শুল্কের একটা অংশ বহন করছে। ফলে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মূল্যস্ফীতির প্রভাব তুলনামূলকভাবে সীমিত। তবে এটি কতদিন স্থায়ী হবে, তা এখনও অনিশ্চিত।
আইএমএফের পরবর্তী ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ১৪ অক্টোবর প্রকাশিত হবে। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও মূল্যস্ফীতিতে পাল্টা শুল্কের প্রভাব বিস্তারিতভাবে আলোচনা থাকবে। একই সঙ্গে নভেম্বর মাসে আইএমএফের বার্ষিক আর্টিকেল ফোর পর্যালোচনায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের নমনীয়তার কারণে গত সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ বা ফেডকে সুদের হার কমাতে হয়েছে। এতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির ঝুঁকি দেখা দিয়েছে। তাই ফেডকে সুদহার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে আসন্ন তথ্যের দিকে সতর্ক নজর রাখতে হবে।

