আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়-ব্যয়ের তথ্যসহ আয়কর রিটার্ন জমা দিতে হবে। প্রতিবছরের মতো এবারও অক্টোবর-নভেম্বর মাসজুড়ে রিটার্ন জমা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। করদাতারা এখন নানান কাগজপত্র সংগ্রহে ব্যস্ত। কেউ কেউ হিসাব চূড়ান্ত করতে দৌড়াচ্ছেন আইনজীবীদের কাছে।
তবে এবারের গুরুত্বপূর্ণ বিষয় হলো—করমুক্ত আয়সীমা বাড়েনি। অর্থাৎ, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আপনি কত টাকা আয় করেছেন, কত বিনিয়োগ করেছেন এবং তার বিপরীতে কত কর দিতে হবে, সেই হিসাব এবারও পুরোনো সীমার মধ্যেই করতে হবে।
কার জন্য কত আয় করমুক্ত:
১. সাধারণ করদাতা: বার্ষিক করমুক্ত আয়সীমা আগের মতোই সাড়ে তিন লাখ টাকা। অর্থাৎ, এ সীমা অতিক্রম করলেই কর দিতে হবে।
২. নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতা: এই শ্রেণির জন্য করমুক্ত সীমা চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
৩. তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতা: তাদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা।
৪. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা: এই শ্রেণির করদাতারা ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত সুবিধা পাবেন।
৫. প্রতিবন্ধী সন্তান থাকা পিতা-মাতা: যদি কোনো করদাতার প্রতিবন্ধী সন্তান থাকে, তাহলে নিয়মিত করমুক্ত সীমার বাইরে অতিরিক্ত ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। পিতা ও মাতা দুজনই করদাতা হলে যেকোনো একজন এই সুবিধা নিতে পারবেন। একই নিয়ম প্রযোজ্য হবে আইনানুগ অভিভাবক করদাতার ক্ষেত্রেও।
আয় অনুযায়ী করহার:
- প্রথম সাড়ে ৩ লাখ টাকার পরের প্রথম ১ লাখ টাকায় ৫%
- পরবর্তী ৪ লাখ টাকায় ১০%
- পরবর্তী ৫ লাখ টাকায় ১৫%
- এরপরের ৫ লাখ টাকায় ২০%
- পরবর্তী ২০ লাখ টাকায় ২৫%
- তার বেশি আয়ের ক্ষেত্রে ৩০% হারে কর দিতে হবে।
নতুন করদাতাদের ন্যূনতম কর: নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। করমুক্ত সীমা অতিক্রম করলেই এই ন্যূনতম কর দিতে হবে।
- ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় করদাতাদের ন্যূনতম কর ৫০০০ টাকা।
- অন্যান্য সিটি এলাকায় ৪০০০ টাকা।
- সিটি করপোরেশন বহির্ভূত এলাকায় ৩০০০ টাকা দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১৫ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন।

