বাণিজ্য উত্তেজনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিজনিত অস্থিরতার মধ্য দিয়ে বৈশ্বিক অর্থনীতি অস্থির হয়ে উঠেছে। এই প্রভাব পড়েছে প্রযুক্তি খাতেও। এশিয়ার সবচেয়ে মূল্যবান কোম্পানির শীর্ষ চারটি অবস্থান এখন প্রযুক্তি কোম্পানির দখলে।
শীর্ষে অবস্থান করছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বা ১ লাখ ৪০ হাজার কোটি ডলারের বাজারমূল্য নিয়ে এশিয়ায় এটি শীর্ষে রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে টিএসএমসি বিশ্বের দশম সর্বাধিক মূল্যবান কোম্পানি হিসেবে অবস্থান ধরে রেখেছে।
দ্বিতীয় স্থানে আছে চীনের প্রযুক্তি কনগ্লোমারেট টেনসেন্ট। কোম্পানির বাজারমূল্য ৭৭১ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৭৭ হাজার ১৭০ কোটি ডলার। এটি চীনের সবচেয়ে মূল্যবান কোম্পানি এবং বিশ্বব্যাপী ১৫তম স্থানে রয়েছে। তৃতীয় স্থানে ই-কমার্স জায়ান্ট আলিবাবা। কোম্পানির বাজারমূল্য ৪২ হাজার ৮৯০ কোটি ডলার। এরপর চীনের বাইরে দক্ষিণ কোরিয়ার স্যামসাং, যার বাজারমূল্য ৩৮ হাজার ৮৮৭ কোটি ডলার।
শীর্ষ ১০ কোম্পানির বাকি তালিকায় আধিপত্য বিস্তার করেছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। পঞ্চম স্থানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), যার বাজারমূল্য ৩২ হাজার ৯৬০ কোটি ডলার। ষষ্ঠ স্থানে এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না, বাজারমূল্য ৩১ হাজার ৯৬০ কোটি ডলার।
এরপর চীনা ব্যাটারি নির্মাতা সিএটিএল ২৫ হাজার ৯৮০ কোটি ডলারের বাজারমূল্য নিয়ে। ঠিক এর নিচে জাপানি গাড়ি নির্মাতা টয়োটা, বাজারমূল্য ২৫ হাজার ৮২০ কোটি ডলার। নবম ও দশম স্থানে আছে চীনের পানীয় প্রস্তুতকারক কুইচৌ মাওটাই এবং আরেকটি আর্থিক প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন ব্যাংক। বাজারমূল্য যথাক্রমে ২৫ হাজার ৪০০ কোটি ও ২৫ হাজার ২৮০ কোটি ডলার।
চলতি বছরের শুরু থেকে এশিয়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করেছে আলিবাবা। শেয়ারদর বেড়েছে ১১৪ দশমিক ৮ শতাংশ। একই সময়ে টেনসেন্টের শেয়ারদর বেড়েছে ৫৯ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, চলতি পঞ্জিকা বর্ষে এশিয়ার প্রযুক্তি খাত আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি রাষ্ট্র সমর্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভাবও অটুট রয়েছে।

