জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রতিটি কর অঞ্চলের গোয়েন্দা ও তদন্ত শাখার কার্যক্রম এখন আরও জোরদার করা হচ্ছে।
আজ রবিবার এনবিআরের সদর দপ্তর (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) থেকে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কর অঞ্চলকে নিজের গোয়েন্দা ও তদন্ত টিম গঠন করতে হবে। টিমের কার্য পদ্ধতি, সুপারিশ প্রণয়ন ও রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রমের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া নির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য, আয়কর নথি ও রেজিস্ট্রারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয়, করযোগ্য আয় ও পরিশোধিত করের তুলনায় সম্পদ বিবরণীতে অস্বাভাবিক নিট সম্পদ প্রদর্শনের মতো বিষয়গুলিতে টিম ইনভেস্টিগেশন শুরু করবে।
ইনভেস্টিগেশন পর্যায়ে যদি কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট টিম রাজস্ব পুনরুদ্ধারের জন্য গোয়েন্দা ও তদন্ত কমিটিতে প্রতিবেদন দাখিল করবে। সুস্পষ্ট তথ্য থাকলে সংশ্লিষ্ট কর কমিশনারেটের কমিটি রাজস্ব পুনরুদ্ধারের আইনি পদক্ষেপ নিতে অনুমোদন দেবে।
প্রতিটি কর কমিশনারেটকে মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে তথ্য-উপাত্ত সন্নিবেশ করতে হবে। গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম থেকে সৃষ্ট অতিরিক্ত দাবি এবং অতিরিক্ত কর আদায়ের বিস্তারিত তথ্য পরবর্তী মাসের ১০ তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআর আশা করছে, গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম জোরদারের মাধ্যমে রাজস্ব ফাঁকি কমবে এবং প্রয়োজনীয় রাজস্ব দ্রুত পুনরুদ্ধার হবে।

