Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের অর্থনীতি স্থিতিশীল নাকি সংকটের দিকে?
    অর্থনীতি

    দেশের অর্থনীতি স্থিতিশীল নাকি সংকটের দিকে?

    মনিরুজ্জামানঅক্টোবর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অতীতের ধারা থেকে বের হয়ে দেশের অর্থনীতি নতুনভাবে গড়ার কথা জানিয়েছে। নানা পদক্ষেপ গ্রহণের পরও দেশের ব্যবসা-বাণিজ্য চড়াই-উতরাই পেরিয়ে এগোচ্ছে।

    অর্থনীতির সব সূচক এখনও পুরোপুরি ইতিবাচক নয়। ব্যাংকে আমানত বেড়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ইতিবাচক ধারায় ফিরেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাজারভিত্তিক দরে ডলার স্থিতিশীল রয়েছে। তবে বিনিয়োগে মন্দা অব্যাহত আছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়েনি। সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও পুঁজিবাজার সংকট কাটিয়ে উঠতে পারছে না। এডিপি বাস্তবায়নের হার দেশের ইতিহাসে সর্বনিম্ন।

    গত ৩৭ মাসে সরকার মূল্যস্ফীতি কমার হিসাব দিলেও বাস্তবে ভিন্ন চিত্র। বাজারে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বাড়তি। খাদ্যবহির্ভূত পণ্যের দামও অনেক দিন ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। কাগজে মূল্যস্ফীতি কম হলেও বাজারে তার প্রভাব লক্ষ্য করা যায় না। রাজস্ব আদায়েও ঘাটতি কাটছে না। গত ১৪ মে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ডলারের দর বাজারভিত্তিক করেছে। এখন অনুমোদিত ব্যাংকগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ডলারের দাম নির্ধারণ করতে পারে।

    বাজারভিত্তিক ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক সরাসরি হস্তক্ষেপ না করলেও বাংলাদেশ ব্যাংক নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে। এর ফলে দেশের ডলারের বাজার স্থিতিশীল রয়েছে। গত তিন অর্থবছর রিজার্ভ থেকে ডলার বিক্রি করলেও এবার উল্টো পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে ডলার ক্রয় শুরু করেছে। এ পর্যন্ত বাজার থেকে মোট ১৭৪ কোটি ডলার কেনা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ডলারের দাম হঠাৎ বেড়ে যাওয়া বা অস্বাভাবিকভাবে কমে যাওয়া, দুটিই অর্থনীতির জন্য ক্ষতিকর। বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। এজন্য বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার ক্রয় করছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

    দেশের বৈদেশিক মুদ্রার মজুত রিজার্ভ বেড়েছে। গত১৭ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে। এছাড়া আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় বেড়ে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। কম আমদানি ব্যয়ও রিজার্ভ বৃদ্ধিতে সাহায্য করছে।

    ডলারের বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। সাধারণ নিয়মে একটি দেশের কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকা জরুরি। বর্তমানে বাংলাদেশ সেই সীমান্তে রয়েছে। প্রবাসী আয়, রপ্তানি আয়, বৈদেশিক বিনিয়োগ ও ঋণের অর্থ মিলিয়ে রিজার্ভ বাড়ে। আর আমদানি ব্যয়, ঋণের সুদ ও কিস্তি, বিদেশি কর্মীর বেতন, শিক্ষার্থী ও পর্যটক খরচের কারণে রিজার্ভ থেকে ডলার বেরিয়ে যায়।

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসী আয় বাড়ছেই। চলতি অর্থবছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৭৩৬ কোটি ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৮ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ৬২৫ কোটি ডলার। সেপ্টেম্বর মাসের ২৮ দিনে প্রবাসী আয় এসেছে ২৪৬ কোটি ডলার, যা আগের মাসের তুলনায় ১৬.৭ শতাংশ বেশি। বিদায়ী বছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৬৮৯ কোটি ডলার (২৬.৮৯ বিলিয়ন), যা ইতিহাসে সর্বোচ্চ। ২০২৪ সালে বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই রেমিট্যান্স পাঠানো হয়েছে। এর আগে কোনো বছরে এত বড় অঙ্কের প্রবাসী আয় আসেনি। ২০২৩ সালে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৯২ কোটি ডলার (২১.৯২ বিলিয়ন)। এই হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৪৯৭ কোটি ডলার বা ২২.৬৭ শতাংশ।

    বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে ওঠানামার মধ্য দিয়ে চলছে। সরকার বাজার চাঙা করতে নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরে আসছে না। বাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীল হচ্ছে না। অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, ব্যাংক খাতে অস্থিরতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মতো কারণে পুঁজিবাজারে মন্দা চলছে। বিনিয়োগকারীরা প্রত্যাশা অনুযায়ী মুনাফা অর্জন করতে পারছেন না।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, কিছু সংস্কার বাস্তবায়িত হলে বাজারে ইতিবাচক গতি আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। এজন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ অপরিহার্য। ডিএসই পরিচালক মিনহাজ মান্নান আরও বলেছেন, বাজারে এত হতাশা আগে কখনো দেখা যায়নি। বিএসইসির সিদ্ধান্তহীনতা এবং দীর্ঘসূত্রতা বাজারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, পুঁজিবাজারে গতি ফেরাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগকারীদের আস্থা। অতীতে কয়েকবার বড় ধসের অভিজ্ঞতা এখনও বিনিয়োগকারীদের শঙ্কিত রাখছে। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন থাকায় অনেকেই দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না।

    মানুষের হাতে রাখা টাকা আবার ব্যাংকে ফিরে আসছে। এর ফলে ব্যাংকের আমানত বেড়েছে। গত অর্থবছরের বেশির ভাগ সময়েই অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে আমানত প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে ছিল। তবে চলতি অর্থবছরের জুলাই মাসে বড় বৃদ্ধি দেখা গেছে, যা প্রায় ৮.৪২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, জুলাই মাস শেষে ব্যাংকে মোট আমানতের পরিমাণ ১৮ লাখ ৮০ হাজার ১০৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এটি ছিল ১৭ লাখ ৩৪ হাজার ২৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ব্যাংকে আমানত বেড়েছে ১ লাখ ৪৬ হাজার ৮১ কোটি টাকা।

    একই সময়ে মানুষের হাতে থাকা নগদ কমেছে। জুলাই মাসে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ ছিল ২ লাখ ৮৭ হাজার ৯৪ কোটি টাকা, জুনে এটি ছিল ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি টাকা। এক মাসে নগদ কমেছে ৯ হাজার ১৫৭ কোটি টাকা। নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পরও বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়ছে না। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৫২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এই হার ছিল ১০.১৩ শতাংশ। অর্থাৎ এক বছরে ঋণ প্রবৃদ্ধি কমেছে ৩.৬১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়েও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কম ছিল। জুন মাসে প্রবৃদ্ধির হার ছিল ৬.৪৯ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতিতে বেসরকারি খাতে ডিসেম্বরে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭.২ শতাংশ। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের বদলে বিদ্যমান ব্যবসা বাঁচানোর চেষ্টা করছেন। ব্যাংক থেকে ঋণ পাওয়া এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ঘাটতি বেড়ে হয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) প্রায় ২১ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হলেও বড় ঘাটতি দেখা দিয়েছে।

    গত জুলাইয়ে রাজস্ব ঘাটতি ছিল ২ হাজার ৮৬১ কোটি টাকা। আগস্টে তা বেড়ে ৩ হাজার ৭১৫ কোটি টাকা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা, ফলে ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। এই সময় সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট থেকে, যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। শুল্ক থেকে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা, এবং আয়করে আদায় হয়েছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা। চলতি অর্থবছরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছে। তবুও প্রত্যাশা অনুযায়ী দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ছে না।

    অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং করহারের কারণে বিনিয়োগ বেড়াচ্ছে না। ডলারের দামও আগের অবস্থায় ফিরে আসেনি। এলসি বা ঋণপত্র খোলার জটিলতাও বিনিয়োগ বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, বিনিয়োগ না বাড়লে শিল্পোৎপাদন ও কর্মসংস্থানও বৃদ্ধি পাবে না। এতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হচ্ছে।

    সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “নতুন বিনিয়োগ না হলে উৎপাদন বাড়বে না, কর্মসংস্থানও বাড়বে না। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। করহার ও সুদহার যৌক্তিক করতে হবে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। শিল্পোৎপাদন সক্ষমতা বাড়াতে অবকাঠামো ও নীতিসহায়ক ব্যবস্থা সংস্কার জরুরি।” বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি পাচ্ছে না। চলতি অর্থবছর ২০২৫-২৬-এর জুলাই-আগস্ট মাসে এডিপি বাস্তবায়িত হয়েছে মাত্র ২.৩৯ শতাংশ, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। গত অর্থবছরের একই সময়ে হার ছিল ২.৫৭ শতাংশ। গত দুই মাসে দুর্নীতি দমন কমিশনসহ চারটি মন্ত্রণালয় এক টাকাও খরচ করতে পারেনি। ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের কোনো অংশও বাস্তবায়ন করতে পারেনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

    পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “গত অর্থবছরে বিভিন্ন কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়েছিল। বহু ঠিকাদার কাজের তুলনায় বিল বেশি নিয়েছে। কিন্তু এই অর্থবছরের শুরুতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। গত দুই মাসে অগ্রগতি কম হয়েছে। সমস্যা চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নিয়ে মিটিং ডাকা হয়েছে। ফেব্রুয়ারির আগে ভোটের কারণে এডিপি সংশোধন হবে।”

    আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮.২৯ শতাংশ, যা জুলাইয়ের ৮.৫৫ শতাংশের তুলনায় কম। তবে কাগজে কমলেও বাজারে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। চাল, ডাল, সবজি, মাছ ও মাংসের দাম এখনও চড়া। এ কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার ভোগান্তিতে পড়ছে। আয়ের তুলনায় খরচ বেশি হচ্ছে, অনেককে ধার করে সংসার চালাতে হচ্ছে। ২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭.৪৮ শতাংশ। এরপর কখনো ৮ শতাংশের নিচে নামেনি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) বলছে, বর্তমানে খাবারের পেছনে খরচ হচ্ছে মোট আয়ের প্রায় ৫৫ শতাংশ। চিকিৎসা খাতে খরচ হচ্ছে সাড়ে ৭ শতাংশের বেশি। দেশে অতি দারিদ্র্যের হারও বেড়েছে। ২০২২ সালে হার ছিল ৫.৬ শতাংশ। ২০২৫ সালে এটি বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশ।

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “গত বছরের গণ-অভ্যুত্থানের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল সংকটাপন্ন। এখন অনেকটাই স্থিতিশীল হয়েছে। তবে ভবিষ্যতে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষ করে মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি খাতে উন্নয়ন। ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতে বাংলাদেশ ব্যাংক একটি রোডম্যাপ তৈরি করেছে, যা বাস্তবায়নেও সময় লাগবে। পুঁজিবাজারেও সংস্কার হচ্ছে, যা কিছু অগ্রগতি আনতে পারে। সরকার এমন প্রকল্প গ্রহণ করছে যা বাস্তবায়নযোগ্য এবং দেশের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “দেশের অর্থনীতি বহুমুখী চাপে রয়েছে। এ কারণে বেসরকারি খাতে বিনিয়োগ কমেছে, নতুন কর্মসংস্থানও কম সৃষ্টি হচ্ছে। সংকট কাটাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, এডিপি বাস্তবায়ন, উৎপাদনশীলতা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা ও সরকারি সেবামূলক খাতের সক্ষমতা বাড়ানো জরুরি। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং রাজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করলেও সংকট কাটানো সম্ভব।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    দুই সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বাড়ল আড়াই টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    ২০২৭ সালের প্রথম ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করবে বিপিসি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.