বিশ্ববাজারে আবারও ঝলমল করছে স্বর্ণের বাজার। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯০০ ডলারের মাইলফলক পেরিয়ে গেছে। সোমবার (৬ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৯২৯ দশমিক ৯১ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ দশমিক ২ শতাংশ বেড়ে পৌঁছায় ৩ হাজার ৯৫৪ দশমিক ৭০ ডলারে ।
বিশ্লেষকদের মতে, ইয়েনের দুর্বলতা, যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সরকারি অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত বিনিয়োগকারীদের আবারও নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে টেনে এনেছে। কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “সুদের হার কমার পরিবেশে স্বর্ণই এখন সবচেয়ে স্থিতিশীল ও লাভজনক বিনিয়োগ।”
২০২৪ সালে স্বর্ণের দাম বেড়েছিল ২৭ শতাংশ। চলতি বছরে সেই গতি আরও বেড়ে এখন পর্যন্ত প্রায় ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ETF) বাড়তি চাহিদা, ডলারের দুর্বলতা এবং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনাই এই উত্থানের মূল কারণ।
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সোমবার স্পট সিলভার প্রতি আউন্সে দাঁড়ায় ৪৮ দশমিক ৫৩ ডলারে, প্লাটিনামের দাম বেড়ে ১ হাজার ৬২৩ দশমিক ৮৮ ডলার এবং প্যালাডিয়াম ১ হাজার ২৭৫ দশমিক ৬৫ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকরা মনে করছেন, যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তবে বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আরও নতুন রেকর্ড স্পর্শ করতে পারে।

