জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, সরকারি অনেক বড় কর্মকর্তা-কর্মচারী আছেন, যাদের বেতন করযোগ্য হলেও তারা ট্যাক্স কাটেন না। এনবিআর এবং আয়কর বিভাগেও অনেক কর্মকর্তা নিয়মিত বেতন থেকে ট্যাক্স কর্তন করেন না।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা, ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ) জিএম আবুল কালাম কায়কোবাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনবিআর সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। সূচনা বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ও কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসান।
এনবিআর চেয়ারম্যান বলেন, “গতকাল আমি আইবাস সিস্টেম থেকে ডেটা নিয়েছি। দেখেছি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকেই বেতন থেকে ট্যাক্স কাটাচ্ছেন না। ২০১৪ সালের ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী সরকারি কর্মকর্তাদের বেতন থেকে ট্যাক্স কর্তন বাধ্যতামূলক। যেহেতু আমাদের বেতন-ভাতা এখন আইবাস সিস্টেমে হয়, তাই ট্র্যাক করা সহজ। আমি সব সচিবকে ডিও লেটার দিয়েছি। তারা যেন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে ট্যাক্স কর্তনের নির্দেশ দেন।”
তিনি আরও বলেন, “বেতন থেকে ট্যাক্স কর্তন খুবই সহজ। যখন দেখা যাবে কেউ ট্যাক্স কাটছে না, তখন বিল প্রসেস হবে না। আমাদের অফিসেও অনেক কর্মকর্তা নিয়ম মানছেন না। এটা দেখাচ্ছে, দেশের সবচেয়ে সচেতন জনগোষ্ঠীও কমপ্লায়েন্সে পিছিয়ে আছে। অথচ এটি করা খুবই সহজ।”
আয়কর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আয়কর পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার। আমাদের মধ্যে দূরত্ব বিভিন্ন কারণে তৈরি হয়েছে—ইনফরমেশন গ্যাপ, এক্সপেন্ডেশন গ্যাপ বা রেভিনিউ ইনকাম। সব ভুলে আমরা নতুন উদ্যমে শুরু করতে চাই। এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আন্তরিকতা বাড়ানো সম্ভব হবে, যা গ্যাপ কমাতে সাহায্য করবে।”
চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আরও বলেন, “পৃথিবীর যেকোনো দেশে রেভিনিউ সৈনিকদের ক্ষতিগ্রস্ত করা বা নষ্ট করার সুযোগ নেই। বাংলাদেশও ব্যতিক্রম নয়। দেশের অর্থনীতি উন্নত করতে রেভিনিউ বাড়ানো আবশ্যক। তবে আমাদের কমপ্লায়েন্স লেবেল খুবই নিম্নমানের। এ কারণে রেভিনিউ বাড়ানো কঠিন। রেভিনিউ সৈনিকদের প্রচুর কাজ করার সুযোগ আছে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “সম্প্রতি সব কর অঞ্চলে নির্দেশনা দিয়েছি কীভাবে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা যায়। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং আয়কর গোয়েন্দা পর্যাপ্ত কাজ করতে পারছে না। তাই প্রত্যেক জোনে নিজস্ব গোয়েন্দা কার্যক্রম চালাতে হবে।”
রিটার্ন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কাছে ট্যাক্সপেয়ারদের ডেটা নেই, কেউ রিটার্ন দিচ্ছেন না। যাদের পাওয়া যাচ্ছে না তাদের ডি-রেজিস্ট্রেশন করা জরুরি। টিআইএনধারীর সংখ্যা এক কোটি ২০ লাখ, আর রিটার্ন আসে মাত্র ৪৫ লাখ। এটি অগ্রহণযোগ্য। যাদের পাওয়া যাচ্ছে না, তাদের নোটিশ দিতে হবে কেন রিটার্ন দিচ্ছেন না।”

