নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে চাঙাভাব দেখা গেলেও বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়ছে না। বিদায়ী অর্থবছরের পুরো সময় বেসরকারি খাতে ঋণের চাহিদি কম ছিল। চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাসেও প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৬.৩৫ শতাংশে, যা গত জুনের তুলনায় ০.০৩ শতাংশ কম। ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে ঋণ প্রবৃদ্ধির হার ছিল ৬.৪৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা আগের মুদ্রানীতিতে বেশি থাকলেও তা পূরণ হয়নি। জুন পর্যন্ত প্রবৃদ্ধির লক্ষ্য ছিল প্রায় ১০ শতাংশ, অর্জিত হয়েছে মাত্র সাড়ে ৬ শতাংশ। সরকারি খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় ঋণ কিছুটা কম হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী জানুয়ারিতে ঘোষিত পরবর্তী মুদ্রানীতিতে কিছু কাঠামোগত পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। মুদ্রা সরবরাহের দিক থেকেও কিছুটা বাড়তি লক্ষ্য রাখা যেতে পারে। ডিসেম্বর নাগাদ এটি ৮.৫০ শতাংশে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে অর্থপ্রবাহ কমিয়ে রাখার নীতি নিয়েছে। ঋণ প্রবাহের এই মন্থর বৃদ্ধি তাই তার চেয়ে অনেক কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সংকোচনমূলক নীতি বজায় রাখার ধারাবাহিকতায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়লে বিনিয়োগ বাড়ে, কমলে বিনিয়োগ কমে। বিদায়ী অর্থবছরজুড়েই এই সূচক কম থাকায় উৎপাদন ও কর্মসংস্থানে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন গভর্নর তিন দফায় নীতি সুদহার বাড়িয়েছেন। জুনে ঋণের সুদহার দাঁড়িয়েছে ১২.১১ শতাংশে, যা গত বছরের একই সময়ে ছিল ১১.২৮ শতাংশ। তবে সুদহার বৃদ্ধির সুফল জনগণ পায়নি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি যখন সর্বনিম্ন, তখন মূল্যস্ফীতি খুব বেশি কমছে না।
অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের প্রধান উৎস হলো বেসরকারি খাত। শিল্প, বিপণন ও সেবা খাতের সিংহভাগ বেসরকারি খাতনির্ভর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে খাতটিকে ঋণবঞ্চিত করা হচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি আরও খারাপ হবে, খেলাপি ঋণ বাড়বে, উদ্যোক্তারা আরও নাজুক অবস্থায় পড়বেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নীতিমালা, ঋণের উচ্চ সুদহার, মূল্যস্ফীতি, আইনশৃঙ্খলার পরিস্থিতি ও বিদ্যুৎ-জ্বালানি ঘাটতি বিনিয়োগকে নিম্নমুখী করেছে।
ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ জানান, ‘উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণ নয়, বিদ্যমান ব্যবসা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো নির্দেশনা নেই। ব্যাংক থেকে ঋণ পাওয়া এখন খুবই কঠিন। নতুন ব্যবসা না হওয়ায় মূলধনি যন্ত্রপাতি আমদানি কমছে।’ মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। বিনিয়োগ হচ্ছে না, তাই ঋণের চাহিদাও বাড়ছে না। বেসরকারি খাতের বিনিয়োগ অনেকদিন ধরেই জিডিপির আনুপাতিক হারে ২২-২৩ শতাংশে স্থির। দীর্ঘমেয়াদে এই অবস্থা চললে উৎপাদন ও কর্মসংস্থান হ্রাস পাবে, সরকারের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন হবে না।’ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, ‘উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। তারা ঋণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে চাহিদা বেশি নয়। চাইলে ব্যাংক ঋণ দেয়ার জন্য প্রস্তুত।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ১০.১৩ শতাংশ, আগস্টে নেমে আসে ৯.৮৬ শতাংশে। সেপ্টেম্বরে কমে ৯.২০ শতাংশে, অক্টোবর ৮.৩০, নভেম্বর ৭.৬৬, ডিসেম্বর ৭.২৮, জানুয়ারি ৭.১৫, ফেব্রুয়ারি ৬.৮২, মার্চ ৭.৫৭, এপ্রিল ৭.৫০, মে ৭.১৭ এবং জুনে ৬.৪৫ শতাংশে। চলতি অর্থবছরের জুলাইয়ে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৫২ শতাংশে।

