এ বছর রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন তিনজন বিজ্ঞানী—জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি। তারা যৌথভাবে ধাতু–জৈব কাঠামো উদ্ভাবনের জন্য এই সম্মান অর্জন করেছেন, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বাংলাদেশ সময় বুধবার, ৮ অক্টোবর বিকেল ৩:৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করেছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
বিজয়ী বিজ্ঞানীদের পরিচয়-
সুসুমু কিতাগাওয়া জন্ম ১৯৫১ সালে জাপানের কিয়োটোতে। ১৯৭৯ সালে কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এবং বর্তমানে সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করছেন।
রিচার্ড রবসন জন্ম ১৯৩৭ সালে যুক্তরাজ্যের গ্লাসবার্নে। ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওমর এম. ইয়াগি জন্ম ১৯৬৫ সালে জর্ডানের আম্মানে। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এবং বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত।
পুরস্কারের কারণ-
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, এই তিন বিজ্ঞানী নতুন ধরনের আণবিক স্থাপত্য তৈরি করেছেন, যা গ্যাস এবং রাসায়নিক পদার্থ প্রবাহিত করতে সক্ষম। এই উদ্ভাবন পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা রাখে। উদাহরণস্বরূপ: মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই-অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি।
নোবেল কমিটির চেয়ারম্যান হেইনার লিঙ্কে বলেন, “ধাতু–জৈব কাঠামো অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিজ্ঞানীরা এখন নিজেরা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপকরণ নকশা করতে পারছেন।”
তাদের এই উদ্ভাবন ভবিষ্যতে মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে সহায়ক হতে পারে—যেমন: পানিতে থাকা ক্ষতিকর রাসায়নিক পিএফএএস আলাদা করা, পরিবেশে থাকা ওষুধের অবশেষ ভেঙে ফেলা এবং মরুভূমির বাতাস থেকে পানি আহরণ।
পুরস্কারের বিবরণ-
এই বছর নোবেলজয়ীরা পাবেন:
- একটি নোবেল মেডেল,
- একটি সনদপত্র এবং
- ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা।
যদি কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকেন, তবে অর্থ সমান ভাগে ভাগ করা হবে।

