ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২ কেজি সিলিন্ডারপ্রতি ১ হাজার ২৪১ টাকা, যা আগের মাসের তুলনায় ২৯ টাকা কম।
বিইআরসি জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৭০ টাকা, যা আগের আগস্টে ৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৭৩ টাকা।
এদিকে, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দামেও পরিবর্তন এসেছে সাম্প্রতিক মাসগুলোতে। আগস্টে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়। তার আগে জুলাইয়ে প্রতি লিটার ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৬২ টাকা ৪৬ পয়সা।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। তবে বাজারে সরবরাহ ও পরিবহন ব্যয়ের ওপর ভিত্তি করে খুচরা পর্যায়ে দাম কিছুটা ভিন্ন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

