চলতি অক্টোবর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে আসছে ৯ কোটি ৮৮ লাখ ডলার প্রবাসী আয়।
বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, শুধু ৭ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স।
গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে সামান্য বৃদ্ধি দেখা গেছে। ২০২৪ সালের অক্টোবরের প্রথম সাত দিনে এসেছিল ৬৮ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ এ বছর একই সময়ে আয় বেড়েছে প্রায় ৯০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট এসেছে ৮২৭ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৬০ শতাংশ বেশি।
এর আগে, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
চলতি অর্থবছরজুড়ে এখন পর্যন্ত দেশে এসেছে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স—যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়েছে।

