দেশে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৮ অক্টোবর) রাতে কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১২টা থেকে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ, লিটারে ৩ টাকারও বেশি বাড়তি দিতে হবে বিমান সংস্থাগুলোকে। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে ০.৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে দাম কমানো হয়েছিল—তখন লিটারপ্রতি মূল্য ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে নামিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়। তবে মাত্র এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানোয় বিমান সংস্থাগুলোর ব্যয় নতুন করে বাড়তে পারে, যা যাত্রী ভাড়াতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিইআরসি জানায়, নতুন দর দেশের প্রধান বিমানবন্দরগুলো—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর ও কক্সবাজারে কার্যকর হবে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্যও একই হারে নতুন দাম প্রযোজ্য হবে।
বিমান চলাচল খাতের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং ডলার বিনিময় হারের প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। তবে এর ফলে দেশীয় আকাশপথের ভাড়া বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

