বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক এবং এর একক শেয়ারহোল্ডার ভিওন বাংলাদেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানি দুটি এই মর্মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চিঠি পাঠিয়েছে।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় এবং চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎকালে কোম্পানি দুটি লাইসেন্স প্রাপ্তির বিষয়ে আলোচনা করেছে। বাংলালিংক সূত্রে নাম প্রকাশ না করার শর্তে বলা হয়েছে, কোম্পানি গভর্নরের কাছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ লেটার পাঠিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও লাইসেন্সের জন্য আবেদন করা হয়নি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর গভর্নরকে পাঠানো চিঠিতে বাংলালিংক ও ভিওন ডিজিটাল ব্যাংক স্থাপনের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লু এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিইও ইয়োহান হেন্ডরিক মার্টিনাস বুস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালে প্রাথমিক আবেদনের পর এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা লাইসেন্স পাওয়ার বিষয়ে গভীর আগ্রহ পুনর্ব্যক্ত করতে চাই।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করার সুযোগ ফের উন্মুক্ত হওয়ায় তারা যথাসময়ে বিস্তারিত ও উচ্চমানের আবেদন জমা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ভিওন একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ডিজিটাল অপারেটর এবং বাংলালিংকের একমাত্র শেয়ারহোল্ডার। প্রতিষ্ঠানটি নাসডাকে তালিকাভুক্ত। ২০২৪ সালে ভিওনের রাজস্ব ছিল ৪ বিলিয়ন মার্কিন ডলার। সুদ, কর, অবচয় ও অ্যামোর্টাইজেশনের আগে আয় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভিওন ডিজিটাল আর্থিক পরিষেবা খাতে সফল। প্রতিষ্ঠানটি কাজাখস্তানে ‘সিম্পলি!’, উজবেকিস্তানে ‘বিপুল’ এবং পাকিস্তানে ‘জ্যাজক্যাশ’ নামে ব্যবসা চালাচ্ছে। বিশেষভাবে ‘জ্যাজক্যাশ’ বর্তমানে ৪ কোটিরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি দৈনিক প্রায় ২ লাখ অনলাইন ঋণ দিচ্ছে এবং এর বার্ষিক লেনদেন পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশের সমান।
ভিওন ও বাংলালিংক বলছে, এই বৃহৎ পরিসরের নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম থেকে অর্জিত অভিজ্ঞতা—গ্রাহক ও মার্চেন্ট সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, ইন্টারঅপারেবিলিটি, আর্থিক সাক্ষরতা ও অন্তর্ভুক্তি, সাইবার নিরাপত্তা ও জালিয়াতি প্রতিরোধ—দায়িত্বের সঙ্গে বাংলাদেশে স্থানান্তর ও স্থানীয়করণ করা সম্ভব।

