দেশের ব্যবসা-বাণিজ্য আজ চরম চাপের মুখে। উদ্যোক্তারা হতাশ, বিক্ষুব্ধ ও অসহায়। ডলারের লাগামহীন দর সহ্য করা যাচ্ছে না। উচ্চ সুদের হার কমেনি। ফলে ব্যবসা শুরু বা সম্প্রসারণ করতে কেউ সাহস পাচ্ছেন না।
পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত। রেকর্ড মাত্রায় মূল্যস্ফীতি। ঋণ চাইলেও সহজলভ্য নয়। বিনিয়োগ ও কর্মসংস্থান স্থবির। শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি সময়মতো আসছে না। বেচাবিক্রিতে মন্দা। একে একে বন্ধ হচ্ছে ব্যবসা, শিল্প ও কারখানা। নিরাপত্তার পরিস্থিতিও অনিশ্চিত। চাকরি হারাচ্ছেন শ্রমিক। বেকারত্ব বেড়েছে। বকেয়া বেতন-ভাতা বৃদ্ধি পাচ্ছে। রপ্তানিও কমছে।
রাজস্ব আয়েও প্রভাব পড়েছে। একমাত্র রেমিট্যান্স ছাড়া সব সূচকই ভঙ্গুর। দেশের অর্থনীতি এখন এক ধারে পিচ্ছিল পথে এগোচ্ছে। শীর্ষ গ্রুপ ও স্বনামধন্য ব্যবসায়ীরাও ঋণখেলাপির পথে। ছোট-বড় সব শিল্প ও ব্যবসায়িক গ্রুপ টিকে থাকার লড়াই করছে। চাকা যেন আর চলছে না। এমন চিত্র উঠে আসে অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও এনবিআরের তথ্য বিশ্লেষণে।
অন্তর্বর্তী সরকার ১৪ মাস পার করলেও ব্যবসায়ীরা এখনো কোনো আশ্বাস পাননি। সরকারের পক্ষ থেকে এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যা তাদের সন্তুষ্ট বা আশ্বস্ত করবে। আগের সরকারের ভুল নীতি, স্বৈরাচারী মনোভাব ও দুর্নীতির কারণে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের সময়েও তা পূরণ হয়নি।
ব্যবসায়ীরা বলছেন, তারা সরকারের বিমাতাসুলভ আচরণের শিকার। গত ১৪ মাসে কোনো ফোরাম বা সম্মেলনের আয়োজন হয়নি, যেখানে তাদের সমস্যা ও চ্যালেঞ্জ সরাসরি শোনা যেত। প্রধান উপদেষ্টা বা সংশ্লিষ্ট উপদেষ্টারা ব্যবসায়ী-উদ্যোক্তাদের কষ্টের কথা শুনেননি। দীর্ঘদিনের সমস্যার জন্য রাজপথে নামলেও ব্যবসায়ীরা নিরাপদে দাবি জানাতে পারেননি।
সরকারের শীর্ষ মহলের একটি আহ্বানই তাদের মনোবল বাড়াতে পারত। কিছু আশ্বাসের বার্তা কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগে উৎসাহ দিতে পারত, কিন্তু তা হয়নি। ফলে ব্যবসায়ীরা হতাশ হয়ে রাজনৈতিক সরকারের অপেক্ষায় বসে আছেন। তারা অবিরাম উৎপাদন চালিয়ে যাচ্ছেন, দেশের সরবরাহ চেইন সচল রেখেছেন, তবু তাদের কষ্টের গল্প জানে না কেউ—না সরকার, না লাইন মিনিস্ট্রি।
বিশ্বব্যাংকের তথ্য বলছে, ব্যবসায় এখন মন্দার ছায়া। একের পর এক কারখানা বন্ধ হওয়ার নোটিশে হাজারো কর্মী চাকরি হারাচ্ছেন। একমাত্র রেমিট্যান্স ছাড়া সরকারের জন্য অর্থনৈতিক কোনো সূচকই ইতিবাচক নয়। রপ্তানিও প্রভাবিত হচ্ছে। আগস্টে ৩ শতাংশ, সেপ্টেম্বর-এ ৪.৬১ শতাংশ রপ্তানি আয় কমেছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ভোক্তাদের ক্রয় ক্ষমতা সংকুচিত হলে বাজারে চাহিদা কমবে।
অর্থনীতির অন্যান্য সূচকও নেতিবাচক। পুঁজিবাজার তলানিতে। আগের সরকারের সময়ের কারসাজি এখনো আছে। সিন্ডিকেটের কারণে বাজার পতনে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত। সরকার এ বিষয়ে নজর দেয়নি। সাধারণ বিনিয়োগকারীর শেষ ভরসাস্থল পুঁজিবাজার এখন হতাশার প্রতীক। ব্যাংক খাতে অবস্থা ভয়াবহ। আগের সরকারের সময় কয়েকটি ব্যাংক প্রায় লুট হয়েছে। অন্তর্বর্তী সরকার কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়েছে। তবে পুরো আস্থা এখনো নেই। পাঁচটি ব্যাংক মার্জারের মধ্যে। দুর্বল ব্যাংকের মালিক ও শেয়ারহোল্ডার হতাশ।
আইএমএফের শর্তে ঋণখেলাপির নীতি পরিবর্তনের ফলে খেলাপি ঋণ আকাশছোঁয়া। জুন ২০২৫-এ খেলাপি ঋণ ৬ লাখ ৬৭ হাজার কোটি টাকা, মোট ঋণের ৩৩ শতাংশ। গত বছরের তুলনায় এক বছরে তিনগুণ বৃদ্ধি। এতে সৎ উদ্যোক্তাদের শিল্প চালানো কঠিন হয়ে গেছে। অচল হলে উৎপাদন বন্ধ, শ্রমিক বেকার, রাজস্ব কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক উচ্চ সুদের হার বজায় রেখেছে। প্রায় ১৬ শতাংশ সুদে কেউ ব্যবসা শুরু করতে সাহস পাচ্ছেন না। বন্ধ হচ্ছে কারখানা। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। আগস্টে ৬.৩৫ শতাংশে নেমেছে।
ব্যবসায়ীরা বলছেন, তারা সব ভয়ভীতি ও সংশয় দূর করে নির্বাচনকে সামনে রেখে অবস্থান নিয়েছেন। তারা আশা করছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হবে। জনগণের ভোটে রাজনৈতিক সরকারের ক্ষমতা হস্তান্তর হবে। আইন-শৃঙ্খলা ফিরবে। ব্যবসায়ী-বিনিয়োগকারীরাও পুনরায় পূর্ণোদ্যমে ব্যবসা শুরু করবেন। এখন তারা শুধু সেদিকেই তাকিয়ে।

