দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে স্থানীয় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন দাম নির্ধারণের অনুমতি দেওয়া হয়েছে। তবে পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাদের খরচ করতে হবে ২০৭ টাকা। আগে এই দাম ছিল ২০৪ টাকা। অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ টাকা।
পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দামও বাড়ানো হয়েছে। আগে যে বোতল কিনতে ১ হাজার টাকা লাগত, এখন সেটির দাম দিতে হবে ১ হাজার ১৫ টাকা। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে। নতুন নির্ধারিত দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের ভোজ্যতেলের সামগ্রিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বৈঠকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে। পাশাপাশি আমদানি ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। ফলে আগের দামে তেল আমদানি ও বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
সামনে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। এ সময় বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নতুন দাম নির্ধারণের প্রস্তাব দেয় সংগঠনটি। তাদের মতে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে দাম সমন্বয় করা জরুরি।
বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দাম, ঋণপত্র খোলা এবং সামগ্রিক আমদানি পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদন ও দেশ-বিদেশের বাজার পরিস্থিতি পর্যালোচনার পর সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে সবাই একমত হন।
একই সঙ্গে বাজারে ভোজ্যতেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে তেল মজুত কিংবা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা ২৪ লাখ টন। এর মধ্যে আমদানির মাধ্যমে পূরণ করা হয় প্রায় ৯০ শতাংশ। ফলে আন্তর্জাতিক বাজারে দাম ও আমদানি ব্যয়ের পরিবর্তন দেশের ভোজ্যতেলের বাজারে সরাসরি প্রভাব ফেলে।

