বাংলাদেশ ১ ডলার অনুদানের বিপরীতে ২.৭ ডলার ঋণ নিচ্ছে। বক্তাদের মতে, দেশের মাথাপিছু জলবায়ু ঋণ প্রায় ৮০ ডলার, যা স্বল্পোন্নত দেশগুলোর গড়ের তিনগুণের বেশি। বহুপাক্ষিক অর্থায়নে এই ঋণ এলডিসি গড়ের প্রায় পাঁচগুণ। ঋণ-নির্ভর সহায়তা দেশের জলবায়ু নীতি ও রাজস্ব নীতিকেই ঝুঁকিতে ফেলছে।
গতকাল (সোমবার) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম ও চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত মতবিনিময়সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় জানানো হয়, চেঞ্জ ইনিশিয়েটিভ বিশ্বের ৫৫টি স্বল্পোন্নত দেশের জন্য জলবায়ু ঋণ দায় সূচক তৈরি করেছে। বৈশ্বিক জলবায়ু বৈঠকে এই সূচকের মাধ্যমে দেশগুলোর ঋণ দায়বদ্ধতার বিশদ তথ্য তুলে ধরা যাবে। বাংলাদেশের তৈরি সূচক উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে জলবায়ু দায়বদ্ধতার দরকষাকষিতে কার্যকর ভূমিকা রাখবে।
চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান বলেন, “বিশ্ব উষ্ণতা বৃদ্ধির দায় স্বল্পোন্নত দেশগুলোর মাত্র ৩.৩ ভাগ হলেও ক্ষতির শতকরা ৭০ ভাগই পড়ে এদেশের ওপর। জলবায়ু ফান্ডের ৯৫ ভাগই ঋণ, মাত্র ৫ ভাগ অনুদান। স্বল্পোন্নত দেশগুলো ঋণে জর্জরিত হয়ে উন্নত দেশ সৃষ্ট উষ্ণতার দায় মেটাচ্ছে। বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বছরে ৭ বিলিয়ন ডলার খরচ হচ্ছে।” তিনি আরও বলেন, বায়ু দূষণের কারণে দেশে গড় আয়ু ৭ বছর কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে জলবায়ু বিতর্কে প্রাকৃতিক সুরক্ষা ও বেঁচে থাকার মৌলিক প্রয়োজন যেমন অক্সিজেন ও পানির কথাই আলোচনার কেন্দ্রবিন্দু করতে হবে। এগুলো কখনো দরকষাকষির বিষয় হতে পারে না।
জাকির হোসেন বলেন, “প্রাকৃতিক সম্পদের কারণে আমাদের ঋণ মওকুফ পেতে হবে। বিশ্বব্যাংক ও অন্যান্য বহুমাত্রিক ব্যাংকে আর্থ-সলিডারিটি ফান্ড তৈরি করতে হবে। দূষণের জন্য কার্বন ট্যাক্স ধার্য করতে হবে। জলবায়ুর জন্য নতুন ফান্ডের উৎস খুঁজে বের করতে হবে।”
সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, “জলবায়ু খাতে স্বল্পোন্নত দেশগুলোর বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে মাত্র ৩০০ বিলিয়ন ডলার, যা বিতরণের জন্য আসলেও কার্যকর হচ্ছে না। বাংলাদেশে জলবায়ু ট্রাস্ট ফান্ডের নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। আগে যেখানে বছরে ৭০০ কোটি টাকা বরাদ্ধ হতো, এখন তা নেমে ১০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ফান্ডের টাকা অপচয় ও অব্যবস্থাপনার কারণে এই অবস্থা। ফারমার্স ব্যাংকে (পদ্মা ব্যাংক) ফান্ডের কয়েকশ কোটি টাকা নিষেধ সত্ত্বেও রাখা হয়েছিল, পরে তা লোপাট হয়ে গেছে।” মতবিনিময়সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদার। জলবায়ু ঋণ দায় সূচকের প্রতিবেদন উপস্থাপন করেন তন্ময় সাহা।

