সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু অনলাইন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে—ভারত থেকে বিপুল পরিমাণ জাল টাকা বাংলাদেশে ঢুকছে। এই খবর ছড়িয়ে পড়তেই দেশে নানা জল্পনা-কল্পনা শুরু হয়, উদ্বেগও দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে। ঠিক এই সময়েই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে বাংলাদেশ ব্যাংক।
১৫ অক্টোবর (বুধবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এমন সংবাদ ভিত্তিহীন এবং এটি জনগণের মাঝে অযথা বিভ্রান্তি তৈরি করতে পারে। বাংলাদেশ ব্যাংক জনগণকে শান্ত থাকতে এবং যাচাইবাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে আহ্বান জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাল টাকা তৈরি, বহন বা লেনদেন করা দেশের আইনে গুরুতর অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অপরাধ রোধে নিয়মিত ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। জাল নোটের উৎস, প্রবাহ ও ব্যবহার চিহ্নিত করতে তারা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।
তবে জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারা চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে—
১. নোট গ্রহণের সময় ভালোভাবে যাচাই করুন—নোটের জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সূতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা লক্ষ্য করুন।
২. বড় অঙ্কের লেনদেন ব্যাংকের মাধ্যমে করুন—নগদে বড় পরিমাণ অর্থ আদান-প্রদানে ঝুঁকি বেশি, তাই ব্যাংকিং চ্যানেল ব্যবহারই সবচেয়ে নিরাপদ।
৩. ডিজিটাল লেনদেনে উৎসাহিত হোন—নগদ টাকার পরিবর্তে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফারের মতো ডিজিটাল মাধ্যম বেছে নিন।
৪. সন্দেহজনক নোট পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন—নিকটস্থ থানায় জানান বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করুন।
বাংলাদেশ ব্যাংক বলেছে, “আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন।” আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে তারা সবাইকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd ভিজিট করার আহ্বান জানিয়েছে। এছাড়া দেশের প্রতিটি ব্যাংক শাখায় আসল নোট শনাক্তকরণে এক্স-ব্যানার ও পোস্টার প্রদর্শিত আছে বলেও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এই পুরো ঘটনার সূত্রপাত কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যমের এক সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে। তিনি দাবি করেছিলেন, ভারত থেকে জাল টাকা বাংলাদেশে প্রবেশ করছে। পোস্টটি দ্রুত ভাইরাল হলে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি। এরপর থেকেই তারা বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে এবং সম্ভাব্য যেকোনো অপতৎপরতা ঠেকাতে সর্বাত্মক নজরদারি চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জনগণকে আশ্বস্ত করে বলেছে—দেশে জাল টাকার প্রচলন ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই গুজবে নয়, সতর্কতায় থাকুন—এটাই নিরাপদ লেনদেনের চাবিকাঠি।

