বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের প্রচলিত ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন বৈধ এবং এগুলো লেনদেনে কোনো বাধা নেই। তাই এসব মুদ্রা গ্রহণে অনীহা বা অস্বীকৃতি জানানো প্রচলিত আইনের লঙ্ঘন বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৫ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি দেশের কিছু এলাকায় ধাতব মুদ্রা লেনদেনে অনীহা লক্ষ্য করা গেছে। অনেক ব্যবসায়ী বা সাধারণ মানুষ ছোট মুদ্রা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করছেন, যা আইনত অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাগুজে নোটের পাশাপাশি ধাতব নোটও সমানভাবে বৈধ। ফলে এগুলো বাজারে স্বাভাবিকভাবে ব্যবহার করতে হবে। বাংলাদেশ ব্যাংক দেশের সব শ্রেণির মানুষকে কয়েন ব্যবহার ও গ্রহণে উৎসাহিত করেছে, যাতে বাজারে ছোট লেনদেনে কোনো বিঘ্ন না ঘটে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, ১ ও ২ টাকার কয়েনের প্রচলন ছোটখাটো লেনদেন ও খুচরো সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ব্যবসায়ীদের ধাতব মুদ্রা গ্রহণে উৎসাহিত করা এখন জরুরি হয়ে পড়েছে।

