দেশের রাষ্ট্রায়ত্ত ৯টি সচল চিনিকলে ২০২৫–২৬ অর্থবছরের আখ মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী নভেম্বর থেকে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ইতোমধ্যে সংশ্লিষ্ট চিনিকলগুলোকে মৌসুম শুরুর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে।
বিএসএফআইসি সচিব মোহাম্মদ মুজিবুর রহমান জানান, চলতি মৌসুমে দেশের চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন হবে আগামী ৭ নভেম্বর, নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল থেকে। এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে আখ মাড়াই কার্যক্রম।
তিনি আরও জানান, ২০২৫–২৬ মৌসুমের জন্য প্রতিটি চিনিকলের মাড়াই শুরুর নির্দিষ্ট সময়সূচি ঠিক করে দেওয়া হয়েছে। কর্পোরেশনের ২৫৫৫তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে একে একে দেশের সব সচল চিনিকল আখ মাড়াই শুরু করবে।
বিএসএফআইসি’র চিঠি অনুযায়ী সময়সূচি হলো—
-
৭ নভেম্বর: নর্থ বেঙ্গল সুগার মিল, লালপুর (নাটোর)
-
২১ নভেম্বর: নাটোর চিনিকল
-
২৮ নভেম্বর: রাজশাহী চিনিকল ও জামালপুরের জিল বাংলা চিনিকল
-
৫ ডিসেম্বর: চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড ও ফরিদপুর চিনিকল
-
১২ ডিসেম্বর: ঠাকুরগাঁও চিনিকল ও ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল
-
২৬ ডিসেম্বর: জয়পুরহাট চিনিকল
চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিটি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে সময়মতো আখ সংগ্রহ, যন্ত্রপাতি মেরামত এবং উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই লোকসান ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনেক রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ হয়ে যায়। বর্তমানে সচল ৯টি চিনিকলেই দেশের চিনি উৎপাদনের প্রধান দায়িত্ব বহন করছে বিএসএফআইসি। নতুন মৌসুমে উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর দিকেই নজর দিচ্ছে সংস্থাটি।

