বিশ্ব বদলে গেছে। আজ পৃথিবীর ব্যস্ত নগরগুলোতে মানুষ কফির দাম দিচ্ছে এক ট্যাপেই, দোকানের কাউন্টারে নেই খুচরো টাকার হিসাব,বাস QR কোডে ভাড়া নিচ্ছেন। ইউরোপ, আমেরিকা, এমনকি প্রতিবেশী ভারতেও এখন লেনদেনের চেহারা বদলে গেছে—‘নগদবিহীন অর্থনীতি’ সেখানে কেবল একটি ধারণা নয়, বরং বাস্তব জীবনের অংশ। অথচ আমরা? এখনো কাগজের নোট গুনে দিচ্ছি, ছিঁড়ে গেলে টেপ লাগিয়ে চালাচ্ছি, যেন ডিজিটাল যুগের এই যাত্রায় আমরা রয়ে গেছি স্টেশনের শেষ প্রান্তে।
বিশ্বব্যাংকের তথ্য বলছে, পৃথিবীর প্রায় ৬৪ শতাংশ মানুষ অন্তত একবার হলেও ডিজিটাল বা নগদবিহীন লেনদেন করেছেন। উন্নত দেশগুলোতে এই হার ৯৫ শতাংশ ছুঁয়েছে। কিন্তু বাংলাদেশে সে হার এখনো ৩০ থেকে ৪০ শতাংশের বেশি নয়। অর্থাৎ প্রতি দশজনের মধ্যে সাতজন এখনো হাতে টাকা নিয়ে হাঁটছেন, ব্যাংকে লাইনে দাঁড়াচ্ছেন, আবার অনেকে মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্টে ভরসা রাখতে পারছেন না।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশে প্রায় ৪ কোটি ৩০ লাখ ডেবিট কার্ডধারী ও ৩০ লাখ ক্রেডিট কার্ডধারী থাকলেও, এদের বড় একটি অংশ এখনো অনলাইনে কেনাকাটা বা বিল পরিশোধে অভ্যস্ত নয়। শহরে কিছুটা পরিবর্তন দেখা গেলেও গ্রামে এখনো বাজারে টাকাই রাজা। বিকাশ-নগদ বা ব্যাংক অ্যাপের ব্যবহার সেখানে এখনো সীমিত, আর অনেকেই মনে করেন—”হাতে টাকা থাকলেই নিরাপদ।”
বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটের সীমাবদ্ধতা, ডিজিটাল সাক্ষরতার অভাব, আর অনলাইন প্রতারণার ভয়—এই তিন বাঁধাই বাংলাদেশের মানুষকে নগদবিহীন অর্থনীতির বাইরে রেখে দিয়েছে। অথচ চীনে এমনকি ফল বিক্রেতা বা রাস্তার হকারও এখন মোবাইল স্ক্যানারে পেমেন্ট নেন। ভারতের ক্ষেত্রেও ডিজিটাল বিপ্লব চোখে পড়ার মতো—২০১৬ সালের নোটবন্দির পর থেকেই দেশটি নগদ থেকে দূরে সরে দ্রুত এগিয়েছে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে।
বাংলাদেশ সরকারও থেমে নেই। ২০২২-২০২৫ সালের ন্যাশনাল ডিজিটাল পেমেন্ট রোডম্যাপ তৈরি হয়েছে, যার লক্ষ্য সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই ডিজিটাল লেনদেনকে প্রধানধারায় নিয়ে আসা। কিন্তু বাস্তবে সেই পরিবর্তন এখনো ধীর। এখনো বাজারে টাকা গোনা শব্দ শোনা যায়, এখনো খুচরো না পেলে দোকানদার চুইংগাম দেন ফেরত হিসেবে।
অর্থনীতিবিদদের ভাষায়, নগদবিহীন লেনদেন শুধু সুবিধার নয়, এটি স্বচ্ছতার প্রতীকও। এতে ঘুষ, দুর্নীতি, টাকার অপচয়—সবকিছুই কমে আসে। কিন্তু পরিবর্তন মানে শুধু প্রযুক্তি নয়, মানসিকতার পরিবর্তনও। মানুষকে বুঝতে হবে—নগদ মানেই নিরাপদ নয়, বরং ডিজিটাল লেনদেনই ভবিষ্যতের নিশ্চিন্ত পথ।
আজ যখন বিশ্ব এগিয়ে যাচ্ছে এক স্পর্শে অর্থ আদানপ্রদানের যুগে, আমরা এখনো নোট গুনছি।
হয়তো একদিন আমরা বুঝব—যে নোট আমরা বুকে বয়ে বেড়াচ্ছি, সেটিই আমাদের গতি কমিয়ে দিচ্ছে।
বিশ্ব এগিয়ে যাচ্ছে নগদবিহীন ভবিষ্যতের পথে, আর আমরা এখনো দাঁড়িয়ে আছি সেই পুরনো ক্যাশ কাউন্টারে, অতীতের নরম আলোয়।

