আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন সম্প্রতি জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে নেতিবাচক প্রভাবিত করতে পারে। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত অস্থিরতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চাপ সৃষ্টি করছে।
এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, আইএমএফ বাংলাদেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ দশমিক ৯ শতাংশ করেছে। এর আগে এপ্রিলে পূর্বাভাস ছিল ৬ দশমিক ৫ শতাংশ, পরে জুনে তা ৫ দশমিক ৪ শতাংশে নামানো হয়েছিল। শ্রীনিবাসন বলেন, রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনের সাথে যুক্ত বিষয় এবং আর্থিক খাতের দুর্বলতা দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে প্রভাবিত করছে।
তিনি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশের ঋণ প্রবাহে সীমাবদ্ধতা থাকায় উদ্যোক্তারা প্রয়োজনমতো ঋণ পাচ্ছেন না। এটি সরাসরি বিনিয়োগ ও প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপও ব্যবসায়িক অনিশ্চয়তা বাড়িয়েছে।
মূল্যস্ফীতির দিকেও সতর্ক করেছেন আইএমএফ পরিচালক। তিনি বলেন, সরবরাহের অভাবের কারণে চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে।
বাংলাদেশের সঙ্গে চলমান ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি নিয়েও শ্রীনিবাসন নিশ্চিত করেছেন, শীঘ্রই একটি মিশন দেশে আসবে এবং ঋণ কর্মসূচির পরবর্তী পর্যালোচনা সম্পন্ন হবে। তিনি বলেন, দেশের অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার জন্য মূল সংস্কার চালিয়ে যাওয়া ও রাজস্ব সংগ্রহ বৃদ্ধি খুবই জরুরি।

