এখন থেকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় থাকা গ্রাহকরা সহজেই অনলাইনে ঋণ নিতে পারবেন। অনুমোদনের পর টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবেই জমা হবে। এই সেবা জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রায় এক মাস আগে চালু করেছে।
ঋণের শর্তাবলীর মধ্যে রয়েছে ঋণের জন্য গ্রাহককে নিয়মিত পেনশন চাঁদা জমা দিতে হবে। গ্রাহকের হিসাবের ন্যূনতম জমা টাকার পরিমাণ ১ লাখ টাকা হতে হবে। জমা টাকার ৫% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ঋণ ২৪ কিস্তিতে দুই বছরের মধ্যে ফেরত দিতে হবে। শেষ কিস্তির সঙ্গে ২% সার্ভিস চার্জ যুক্ত হবে, যা গ্রাহকের হিসাবেই যোগ হবে।
আবেদন প্রক্রিয়ার জন্য শুরুতেই জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে http://www.upension.gov.bd যেতে হবে। তারপর লগইন করে ‘ঋণের আবেদন’ মেনুতে প্রবেশ করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে ‘আবেদন সম্পন্ন করতে বাটনে ক্লিক করতে হবে।
বর্তমানে চালু স্কিমগুলো হল প্রগতি, সুরক্ষা, সমতা, প্রবাস। প্রায় পৌনে ৪ লাখ মানুষ ইতিমধ্যে এই সুবিধা পাচ্ছেন। কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ এবং প্রবাসীরাও এই স্কিমে যুক্ত হতে পারবেন।
২০২০ সালের হিসাব অনুযায়ী, দেশে ৬০ বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ, যা ২০৪১ সালে দাঁড়াবে প্রায় ৩ কোটি ১০ লাখে। বয়স্ক জনগোষ্ঠীর ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতেই ২০২৩ সালের ১৭ আগস্ট এই স্কিম চালু করা হয়।

